হেলমেট উঁচিয়ে জ্যোতিকা জ্যোতি বললেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান’
উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে বুধবার রাতে জ্যোতিকে গ্রেপ্তার করে ডিবি।
জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশের পর হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
এ সময় মাথা থেকে হেলমেট উঁচিয়ে অশ্রুসিক্ত কন্ঠে সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, “আপনারা বলে দিয়েন, এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তারের কোনো কারণ দেখাতে পারে নাই। আমাকে কোনো কারণ জানাতে পারেনি। ফ্যামিলিকেও জানানো হয় নাই।'
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ কথা বলেন তিনি।
ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে।
জুলাই আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলার আসামিদের তালিকায় ২১৬ নম্বরে তার নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই মুর্শিদুল আলম এ দিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত জ্যোতিকে বিকাল সাড়ে ৫টার দিকে এজলাসে তোলা হয়। এ সময় কাঠগড়ায় তাকে কাঁদতে দেখা যায়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক ৫টা ৪০ মিনিটের দিকে এজলাসে ওঠেন। এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। তবে জ্যোতির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আদেশের পর জ্যোতি পুলিশ সদস্যদের কাছে জানতে চান, তাকে কিসের জন্য এখানে আনা হয়েছে। তাকে কথা বলতে দেওয়া হয়নি। সবকিছু কি আগে থেকেই ঠিক ছিল?
কিন্তু পুলিশ কোন জবাব না দিয়ে হেলমেট পরিয়ে তাকে আদালত থেকে বের করে নিয়ে আসে। এ সময় হেলমেট উঁচিয়ে সাংবাদিকদের জ্যোতি বলেন, “কি কারণে আমাকে ধরে নিয়ে আসছে, কেন ধরে নিয়ে আসছে জানি না। আমাকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আমি অসুস্থ, আমাকে মেডিসিন দেওয়া হচ্ছে না।”
এক নারী পুলিশ সদস্য তার হেলমেট নিচে নামিয়ে দিলে আবার তা উঁচিয়ে কথা বলতে থাকেন এ অভিনেত্রী। তিনি বলেন, “আমাকে তিন বেলা ইনসুলিন নিতে হয়। আমার ফ্যামিলির সাথে কথা বলতে দেয় নাই।”
পরে আবার তার হেলমেট নিচে নামিয়ে দিয়ে লিফট দিয়ে আদালতের ৯ম তলা থেকে নিচে নামানো হয়। লিফট থেকে নেমে হেলমেট উঁচিয়ে ফের জ্যোতি বলেন, “আপনারা বলে দিয়েন, এটা এখন পূর্ব পাকিস্তান।”
গাড়িতে তোলার আগেও তিনি চিৎকার করে বলতে থাকেন, “আমার কথা বলা নিষেধ, এমনটা আইনে আছে কি না? কথা বলতে দেওয়া হবে না। ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেওয়া হবে না। আমার কোনো অপরাধ নাই।”
পরে তাকে একটি মাইক্রোবাসে করে আদালত প্রাঙ্গন থেকে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। সে সময় এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জ্যোতিকা জ্যোতি, জায়েদ খানসহ ১৭ অভিনেতা-অভিনেত্রীকেও আসামি করা হয়।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ জোগানের অভিযোগ করা হয়েছে। এ মামলায় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
