২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিকন ভ্যালি: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধযন্ত্রের ‘মূল শক্তি’

সিলিকন ভ্যালির প্রযুক্তি ও বিনিয়োগ এখন ইসরায়েলি সামরিক অভিযানের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

সিলিকন ভ্যালি: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধযন্ত্রের ‘মূল শক্তি’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অফ দ্য ইউনাইটেড স্টেটস আর্মি’-র বার্ষিক সভা ও প্রদর্শনীতে ‘পালানটির’এর সাইনেজ দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 03:47 PM

Updated : 26 Nov 2026, 03:47 PM

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর সার্বক্ষণিক নজরদারি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর লক্ষ্যবস্তু নির্ধারণসহ সব ক্ষেত্রেই এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে মার্কিন 'বিগ টেক' কোম্পানিগুলোর প্রযুক্তি, অবকাঠামো ও জনবলের সঙ্গে ইসরায়েলি যুদ্ধযন্ত্রের এই গভীর যোগসূত্রের চিত্র উঠে এসেছে।

২০২৪ এর জানুয়ারিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্যালান্টির যুদ্ধসংক্রান্ত মিশনের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে। নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী এই প্রতিষ্ঠানের সফটওয়্যার ইসরায়েলি বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের গতিবিধি শনাক্তকরণ ও সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে। ১২০ কোটি ডলারের 'প্রজেক্ট নিম্বাস' চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলি বাহিনীকে উন্নত ফেসিয়াল রিকগনিশন, এআই সক্ষমতা ও ক্লাউড সুবিধা দিচ্ছে, যেখানে ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি আপলোড করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের নিজস্ব ক্লাউড অবকাঠামো অতিরিক্ত চাপে পড়লে গুগল ও অ্যামাজন এগিয়ে আসে।

অন্যদিকে, মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান প্যালান্টির ২০২৪ সালের জানুয়ারিতে যুদ্ধসংক্রান্ত মিশনের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে। 'ওপেন ইন্টেল'-এর তথ্যমতে, আড়িপাতা যোগাযোগ ও স্যাটেলাইট চিত্র সমন্বয় করে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে প্যালান্টিরের সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে; যদিও প্রতিষ্ঠানটি যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে।

Image

গাজার ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীরা মাইক্রোসফট বিল্ড সম্মেলনের কাছাকাছি এলাকায় মিছিল করছেন। ফাইল ছবি: রয়টার্স

প্যালান্টির অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ফ্রাঞ্চেস্কা আলবানিজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ইসরায়েলি বাহিনীকে এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে।

একইভাবে, মাইক্রোসফটের 'অ্যাজুর' ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিলিস্তিনিদের ফোনকলে আড়িপেতে বিশাল তথ্যভান্ডার সংরক্ষণ করা হয়েছে, যা প্রাণঘাতী বিমান হামলা পরিচালনায় সহায়তা করেছে বলে জানা গেছে। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, অ্যাজুরের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীতে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের ব্যবহার যুদ্ধ শুরুর পর ২০ গুণ বেড়েছে। তবে ওপেনএআই দাবি করেছে, ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি কোনো চুক্তি নেই।

পাশাপাশি মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ইসরায়েলের অর্থনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, প্রতিষ্ঠানটির দেওয়া কর দেশটির বাজেট ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখছে।

প্রযুক্তির পাশাপাশি জনবলের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। 'ড্রপ সাইট নিউজ'-এর তথ্যমতে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর সাবেক ও বর্তমান প্রায় ১৪০০ সদস্য এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছেন; যাদের মধ্যে প্রায় ৯০০ জনই কুখ্যাত সাইবার-যুদ্ধ ইউনিট 'ইউনিট ৮২০০'-এর সদস্য।

মাইক্রোসফট, এনভিডিয়া, মেটা, গুগল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে তাদের এই অবস্থান গুরুতর স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করছে। এমনকি মাইক্রোসফটের কিছু কর্মী কোম্পানির চেয়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি বেশি অনুগত কি না, তা নিয়ে অভ্যন্তরীণ তদন্তও হয়েছে।

ডিজিটাল অধিকার সংস্থা 'হামলেহ'-এর জালাল আবুখাতের বলেন, “পূর্ব জেরুজালেম বা হেবরনে ফিলিস্তিনিরা প্রতিদিন এই প্রযুক্তিনির্ভর সর্বব্যাপী নজরদারির মধ্যে বসবাস করছেন।”

মানবাধিকার কর্মীদের মতে, মার্কিন প্রযুক্তি ও ইসরায়েলি সামরিক বাহিনীর এই যৌথ শক্তি ফিলিস্তিনিদের বিশ্বের অন্যতম নজরদারিবেষ্টিত জনগোষ্ঠীতে পরিণত করেছে।