মাইক্রোবাস চালক হত্যা: নারীসহ তিনজনের যাবজ্জীবন
ছয় বছর আগে ডেমরায় খাল থেকে ট্রলি ব্যাগে ভরা লাশ উদ্ধার করা হয়েছিল।
ঢাকার ডেমরায় মাইক্রোবাস চালক হারুনর রশিদ হাওলাদার হত্যা মামলায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার ষোড়শ অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু।
দণ্ডপ্রাপ্তরা হলেন—লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার ওরফে আলামিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া লাশ গুমের দায়ে প্রত্যেককে আরও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে জানান কৌঁসুলি শফি নেওয়াজ নাছির।
মামলার বিবরণ অনুযায়ী, হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাস চালক ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। পরদিন নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদে পড়েছেন জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন হারুন। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়।
দুই দফায় টাকা পাঠানোর পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরা থানার বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে একটি ট্রলি ব্যাগের ভেতর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২৬ নভেম্বর নিহতের স্ত্রী লিলি বেগম ডেমরা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ডেমরা থানার এসআইমোজাম্মেল হক ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২৩ সালের ২৭ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ২৩ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হলো।
