২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ানদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে বললেন স্টোকস

‘মনে হচ্ছে এক পক্ষের অবস্থান মৃত্যু পর্যন্ত অস্বীকার করে যাওয়া’, এমনটা বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার।

বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ানদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে বললেন স্টোকস

বেন স্টোকস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 03:13 PM

Updated : 26 Nov 2026, 03:22 PM

আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাল্টাপাল্টি বক্তব্যে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেটাঙ্গন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্টদের স্বার্থেই প্রকাশ্যে বিরোধে না জড়িয়ে বিষয়টি থামানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাওয়াজা আত্মজীবনীতে লিখেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে ঘটা বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন দলের সবাই। এরপর থেকে থেকে বিষয়টি নিয়ে উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কিত সেই ঘটনা নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য ও দোষারোপ।

আর এটা পছন্দ হচ্ছে না স্টোকসের। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার তার পডকাস্ট ‘দ্যাটস নট ক্রিকেট’-এ বুধবার বলেন, উদ্ভূত পরিস্থিতির বিরূপ প্রভাব এমন সব মানুষের ওপর পড়ছে, যাদের এটা প্রাপ্য নয়।

“এই পুরো পরিস্থিতির সঙ্গে জড়িত খেলোয়াড়, স্টাফ, ম্যানেজমেন্ট, তাদের পরিবার ও বন্ধুদের কথা ভেবে এখন সবচেয়ে ভালো হবে বিষয়টি এখানেই থামানো। এমন মানুষদের ওপরও এর প্রভাব পড়ছে, যাদের কোনোভাবেই এর ভুক্তভোগী হওয়া উচিত নয়।”

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্টোকস। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের সদস্য ছিলেন তিনি। অ্যাশেজে স্মরণীয় পারফরম্যান্সের পাশাপাশি ‘বাজবল’ যুগের পথিকৃৎ অধিনায়ক হিসেবেও পরিচিতি পেয়েছেন।

মাঠের বাইরেও বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন স্টোকস। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর ব্রিস্টলে গভীর রাতে রাস্তায় মারামারির ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে পরে মুক্তি পান তিনি। যা নিয়ে অনেক সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে।

এখানেই শেষ নয়, গত জুনে নাইটক্লাবে একটি ঘটনার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টের দল থেকেও বাদ পড়েন তখনকার অধিনায়ক স্টোকস। পরের ম্যাচে দলে ফিরলেও হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন তিনি।

‘স্যান্ডপেপারগেট’ নিয়ে চলমান বিতর্কে শুধু খেলোয়াড়েরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন না স্টোকস।

“এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমিও গেছি, যখন কোনো একটি বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। তখন দেখেছি, যাদের এমন চাপ ও উদ্বেগের মধ্য দিয়ে যাওয়ার কথা নয়, তাদের ওপরও এর কী প্রভাব পড়ে। সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে যারা ছিলেন, তাদের এই বিষয়ে অনেক জবাবদিহি করতে হবে।”

বল টেম্পারিং কেলেঙ্কারির সেই ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভিত নাড়িয়ে দেয়। আর সিরিষ কাগজ হাতে যিনি ধরা পড়েন সেই ক্যামেরন বেনক্রফট, ওই সময়ের অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে কঠোর শাস্তি দেওয়া হয়।

খাওয়াজা দাবি করেন, বল বিকৃত করার পরিকল্পনা সম্পর্কে জানত দলের সবাই। কিন্তু তার সেই অভিযোগ উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন ক্রিকেটার।

“বিষয়টি এত দূর গড়িয়েছে যে, এখন মনে হচ্ছে এক পক্ষের অবস্থান ‘মৃত্যু পর্যন্ত অস্বীকার করে যাওয়া।’ দীর্ঘদিন ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতা থেকে কী ঘটেছিল, সে বিষয়ে আমার নিজস্ব ও যথেষ্ট ধারণা আছে। তবে অদূর ভবিষ্যতে আমরা সত্যিটা জানতে পারব বলে মনে হয় না। কারণ, বিষয়টি অনেক গভীরে চলে গেছে।”