২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং শুরু হয়েছিল ডারবানে, দাবি ডি ভিলিয়ার্সের

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান দাবি করেছেন যে, ২০১৮ সালের ওই সিরিজের প্রথম টেস্টেও বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং শুরু হয়েছিল ডারবানে, দাবি ডি ভিলিয়ার্সের

এবি ডি ভিলিয়ার্স। ছবি: স্ক্রিনশট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 06:48 PM

Updated : 23 Nov 2026, 07:01 PM

আট বছর আগে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন নতুন বিস্ফোরক তথ্য সামনে আসছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স দাবি করেছেন যে, ওই সিরিজের প্রথম টেস্টেও একই কাজ করেছিল অস্ট্রেলিয়া।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে সিরিশ কাগজ দিয়ে ঘষে বল টেম্পারিং করার ঘটনাটি ক্রিকেটে পরিচিত হয়ে আছে ‘স্যান্ডপেপারগেট’ নামে। ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনায় শাস্তি পেয়েছিলেন সেই সময়ের অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাওয়াজার আত্মজীবনীতে বিষয়টি পুনরায় উঠে আসার পর, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খাওয়াজার দাবি, বল টেম্পারিংয়ে ঘটনায় গোটা দলই জড়িত ছিল এবং কেপ টাউনের আগে গেবেখা (তৎকালীন পোর্ট এলিজাবেথ) টেস্টেও টেম্পারিং করা হয়েছিল। পরে একই কথা বলেন ব্যানক্রফট ও ওই সিরিজের অস্ট্রেলিয়া দলে থাকা চ্যাড সেয়ার্সও।

সেবার গেবেখায় দ্বিতীয় টেস্টে রিভার্স সুইংয়ের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। কেপ টাউনে তৃতীয় টেস্টে ব্যানক্রফট সিরিশ কাগজ লুকানোর সময় ক্রিজেই ছিলেন তিনি। রোববার নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ডারবানে প্রথম টেস্ট থেকেই কোনো না কোনোভাবে বল টেম্পারিং করছিল অস্ট্রেলিয়া।

“এটি পোর্ট এলিজাবেথে নয়, বরং ডারবানেই শুরু হয়েছিল। আর এই ব্যাপারে লোকেরা আমার উদ্ধৃতি দিলে আমি খুব খুশি হব। ডারবানে প্রথম টেস্টে আমরা হেরে যাই, যেখানে খুব অদ্ভুত সময়ে বল রিভার্স সুইং করতে শুরু করে। কিংসমিডে এত দ্রুত বল রিভার্স সুইং করার কথা নয়।

“বিশ্বাস করুন, আমি সেখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই তারা সেখানে যা-ই করে থাকুক না কেন, সেটা সিরিশ কাগজ হোক বা নখ, তাতে আমার কিছু যায় আসে না। সত্যি বলতে, এসব নিয়ে আমার মাথাব্যথা নেই। আসল ব্যাপার হলো, তারা ধরা পড়েছিল এবং সবাই তা জানত। বিশেষ করে বোলাররা বিষয়টি জানত, কারণ বল এমনি এমনি রিভার্স সুইং করে না। অস্ট্রেলিয়ার হয়ে এটি আপনাদের প্রথম টেস্ট ম্যাচ নয়। তাই সাহস করে এগিয়ে এসে বলুন, ‘বন্ধুরা, আমাদের ভুল হয়েছিল।’”

ডি ভিলিয়ার্স প্রশ্ন তুলেছেন যে, পুরো ঘটনায় কেন শুধু সিরিশ কাগজ ব্যবহারের ওপর এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

“বিষয়টি খুবই অদ্ভুত, কারণ সবাই এখন শুধু সিরিশ কাগজ নিয়েই কথা বলছে। সবাই মূল বিষয়টি এড়িয়ে যাচ্ছে, যা আমাকে বিভ্রান্ত করে। যে বস্তুটি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আমরা কেন এত চিন্তিত? মূল ব্যাপার হলো, মাঠে অবৈধ কিছু করার সিদ্ধান্তটি আগে থেকেই নেওয়া হয়েছিল। আর প্রত্যেকেই তা জানত, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।”

ডি ভিলিয়ার্স স্বীকার করেছেন যে, খেলোয়াড়ি জীবনে তিনি নিজেও একেবারে ‘সাধু’ ছিলেন না, তবে জোর দিয়ে বলেছেন যে, তিনি কখনোই অস্ট্রেলিয়ানদের মতো এতটা সীমা অতিক্রম করেননি।

“আমি নিষ্পাপ সাজার ভান করছি না বা বলছি না যে, আমি একজন নিখুঁত মানুষ। আমরা সবাই বলকে রিভার্স করানোর চেষ্টা করি, বলের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করি। আমরা আইনি সীমার মধ্যে থেকে যতটা সম্ভব সুবিধা আদায়ের চেষ্টা করি।

“বছরের পর বছর ধরে আমরা সবাই বলের অবস্থার পরিবর্তনের মাধ্যমে বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু মাঠের ভেতর কোনো বস্তু নিয়ে গিয়ে সরাসরি প্রতারণা করার মতো বোকামি আমরা কখনোই করিনি।”

তুমুল আলোচিত-সমালোচিত ওই ঘটনাটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রাথমিক পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেছেন ডি ভিলিয়ার্স। তার মতে, বোর্ড ‘খেলোয়াড়দের বিপদের মুখে ঠেলে দিয়েছিল’ এবং ব্যানক্রফট, ওয়ার্নার ও স্মিথকে শাস্তি দেওয়াটা ছিল ‘একেবারেই হাস্যকর।’