হৃদ্যন্ত্রের ক্ষতি এড়াতে ইমরান খানের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক
‘জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত নাও ফিরতে পারি’- শীর্ষ বিচারকদের কাছে খোলা চিঠিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর এমন আকুতির পর এবার বড় সতর্কবার্তা দিলেন তার ব্যক্তিগত চিকিৎসক।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক সতর্ক করে বলেছেন যে, হৃদ্যন্ত্রের অপূরণীয় ক্ষতি এড়াতে ইমরানকে আগামী 'কয়েক দিনের মধ্যেই' একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো জরুরি।
২০২৩ সালের অগাস্ট থেকে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 'অনিয়ন্ত্রিত' উচ্চ রক্তচাপে ভুগছেন।
গত সোমবার তিনি একটি খোলা চিঠিতে দেশের শীর্ষ বিচারকদের কাছে আবেদন জানিয়েছেন এবং দাবি করেছেন যে, জরুরি চিকিৎসা সেবা না পেলে তিনি কারাগার থেকে 'জীবিত নাও ফিরতে পারেন।’
৩০ বছরেরও বেশি সময় ধরে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা ডা. ফয়সাল সুলতান পাকিস্তান কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, যেন তাকে (ইমরান) যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর অনুমতি দেওয়া হয়।
সুলতান সতর্ক করে বলেছেন, চিকিৎসায় দেরি হলে ইমরান খান 'গুরুতর' স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ২০২৩ সালের অগাস্ট থেকে ৭৪ বছর বয়সী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার মাপের একটি সেলে বন্দি রাখা হয়েছে। তবে ইমরান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
চিকিৎসক সুলতান ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকাকে বলেন: “আমার যদি এমন কোনও রোগী থাকত যার রক্তচাপের মাত্রা এত বেশি, তবে আমি তাকে যত তাড়াতাড়ি সম্ভব—আজ বা আগামীকালের মধ্যেই—একজন ভালো কিডনি রোগ বিশেষজ্ঞ বা হৃদরোগ বিশেষজ্ঞ দেখানোর ব্যবস্থা করতাম। কয়েক দিনের মধ্যেই এই রক্তচাপ কমিয়ে আনা দরকার।”
তিনি সতর্ক করে বলেছেন যে, দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে ইমরান খানের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, যেমন—হৃদ্যন্ত্র, কিডনি বা মস্তিষ্কের ওপর 'গুরুতর বিরূপ প্রভাব' পড়তে পারে বা বড় ধরনের ক্ষতি হতে পারে।
তিনি বলেন, “বাস্তবতা হল, দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ কিডনির কার্যকারিতা এবং খোদ হৃদ্যন্ত্রের ওপরই ক্ষতিকর প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করে। কারণ, তখন হৃদ্যন্ত্রকে অতিরিক্ত চাপের বিরুদ্ধে কাজ করতে (বা পাম্প করতে) হয়।”
তিনি আরও বলেন, “উচ্চ রক্তচাপের কারণে চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত অঙ্গপ্রত্যঙ্গের এ ধরনের ক্ষতি নিয়েই আমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকি।”
গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত খোলা চিঠিতে ইমরান খান দাবি করেছিলেন, তিনি তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং প্রচণ্ড উচ্চ রক্তচাপে ভুগছেন।
খান বলেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন 'প্রায় ২২ ঘণ্টা' একা নির্জন কারাবাসে আটকে রাখার কারণেই এমন হচ্ছে। ওই দিনই অনেকগুলো মামলার একটিতে তাকে এবং তার স্ত্রীকে ১৭ বছরের জেল দেওয়া হয়েছিল।
ইমরান খানের চিকিৎসক সুলতান কোভিড-১৯ মহামারীর সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত হাসপাতাল চেইন 'শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার'-এর প্রধান নির্বাহী (সিইও) হিসেবেও কর্মরত।
তিনি বলেন, “আসল কথা হল, দীর্ঘ সময় ধরে রক্তচাপ বেশি থাকলে তা... গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উচ্চ রক্তচাপের বিরুদ্ধে হৃদ্যন্ত্রকে প্রতিনিয়ত অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হলে হৃৎপিণ্ডের পেশি অস্বাভাবিকভাবে মোটা বা বড় হয়ে যায়।
“সঠিক সময়ে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা বা স্বাভাবিক করা অত্যন্ত জরুরি, যাতে শরীরের অঙ্গগুলোর (হৃদ্যন্ত্র, কিডনি বা চোখ) কোনও গুরুতর ক্ষতি না হয়।”
গত ১৮ অগাস্ট, ইমরানের আইনজীবীরা তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার সতর্কবার্তা দেওয়ার পর সুপ্রিম কোর্ট তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়।
চিকিৎসক সুলতান হাসপাতালে তার (ইমরান খানের) জন্য অপেক্ষা করছিলেন। তবে, সাবেক এই প্রধানমন্ত্রীকে সেখানে না নিয়ে বরং একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মত দেন যে, তিনি কারাগারে ফিরে যাওয়ার জন্য সুস্থ আছেন।
