কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের পূর্বনির্ধারিত একটি সরকারবিরোধী পদযাত্রার আগে তার দুই বোনকে আটক করা হয়েছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
ইমরান খানের দলের পূর্বপরিকল্পিত একটি সরকারবিরোধী পদযাত্রার আগে তাদের আটক করা হয়েছিল। কয়েক সপ্তাহ আটক থাকার পর তারা মুক্তি পেলেন।
আইনজীবী মুদাসসার উমর জানান, সরকার আটকাদেশ স্থগিত করার পর পূর্বাঞ্চলীয় শহর লাহোরের কোট লাখপত কারাগার থেকে উজমা খান ও নরিন নিয়াজিকে মুক্তি দেওয়া হয়।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, তার আরেক বোন আলিমা খান এখনও কারাগারেই রয়েছেন।
পাকিস্তান সরকার জানিয়েছে, ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হতে পারেন—এমন আশঙ্কা থেকে তাদের আটক করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই পদযাত্রা আর করা হয়নি।
বিক্ষোভটি আয়োজনের দায়িত্বে ছিল ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার। কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের ওই কর্মসূচি স্থগিত করেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তথ্য মন্ত্রণালয় কোনও সাড়া দেয়নি।
উজমা খানের ছেলে ওয়ালি খান প্রশ্ন তুলেছেন, কেন তার মাকে ৫৩ দিন আটক রাখা হল এবং এতদিন পর মুক্তি দেওয়া হল। তিনি এর ব্যাখ্যা দাবি করে বলেন, এসব সিদ্ধান্ত আইনের ভিত্তিতে নেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়ালি খান লেখেন, “তাদের কারাবন্দি করা যেমন খেয়ালখুশিমতো ছিল, মুক্তি দেওয়াটাও তেমনই।”
ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার একদিন পর তার দুই বোনকে মুক্তি দেওয়া হল।
‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ এর কর্মকর্তারা জানান, ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে ডান চোখের সমস্যার জন্য একটি ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি রক্তচাপের চিকিৎসাও দেওয়া হয়েছে তাকে।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ৭৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার ও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা দায়ের করা হয়। তিনি তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন।
একটি ছাড়া ইমরান খানের বাকি সব দণ্ডই স্থগিত বা বাতিল হয়েছে এবং সংশ্লিষ্ট আপিলগুলো বিচারাধীন রয়েছে। তিনি বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন; তবে সরকার তা অস্বীকার করে আসছে।
