ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার তার অবিলম্বে কারামুক্তি ও সুচিকিৎসার দাবি জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক।
বৃহস্পতিবার তিনি ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার কারাবাস ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নিতে পাকিস্তানি কর্তৃপক্ষকে তাগিদ দেন।
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। রাষ্ট্রীয় সফরে সৌদি যুবরাজের উপহার দেওয়া বুলগারি গয়নার সেট বেআইনিভাবে নিজেদের কাছে রাখার অভিযোগে ‘তোশাখানা-২’ মামলায় ২০২৫ সালের ২০ ডিসেম্বর তাদের ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া, ২০২৩ সালের অগাস্ট থেকে কারাবন্দি ইমরান ১৯ কোটি পাউন্ডের একটি দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন এবং ২০২৩ সালের ৯ মের বিক্ষোভের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় বিচারাধীন।
সম্প্রতি ইমরান তার চিকিৎসা ও কারাগারের পরিবেশ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জন্য শীর্ষ বিচারপতিদের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যের অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখান থেকে তিনি হয়ত আর “জীবিত ফিরতে” পারবেন না। এর কয়েক দিন পরই জাতিসংঘের পক্ষ থেকে এই আহ্বান এল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, “আমি ইমরান খানের মুক্তির আহ্বান জানাচ্ছি। আমি তার সুচিকিৎসা এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি।”
সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরে তুর্ক বলেন, পাকিস্তানে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও বিরোধী রাজনীতিকেরাও নির্বিচার আটকের শিকার হচ্ছেন।
পরিস্থিতি শান্ত করতে যথাযথ সংলাপ ও আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে পরিবারের সাক্ষাৎ, আইনজীবী ও চিকিৎসাসহায়তা নিশ্চিত করা এবং যাদের কারাগারে থাকার কথা নয়, তাদের মুক্তি দেওয়া উচিত।
সুচিকিৎসা ও পরিবারের সাক্ষাতের আহ্বান অ্যামনেস্টির
ওদিকে পৃথকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় ইমরান ও বুশরাকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া, পরিবার ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ পুনর্বহাল এবং ইমরানের পরিবারের ওপর ‘রাজনৈতিক নিপীড়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে।
নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদের (আইসিসিপিআর) ১০ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে সংস্থাটি বলেছে, বন্দিদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে পাকিস্তান আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করছে।
অ্যামনেস্টি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ইমরানকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি; কেবল ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল।
পাশাপাশি ২০২৬ সালের মার্চ থেকে ছেলেদের সঙ্গে তার ফোনে যোগাযোগও বন্ধ রাখা হয়েছে। নির্জন কারাবাসে থাকা ৭৪ বছর বয়সী ইমরান রক্তচাপজনিত গুরুতর সমস্যায় ভুগছেন এবং গত আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তাকে স্বাধীন চিকিৎসকদের পরামর্শ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।
অন্যদিকে, বুশরা বিবিও চোখের এমন সমস্যায় ভুগছেন, যাতে তার দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে।
এছাড়া, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে অস্পষ্ট ও ঢালাও অভিযোগে ১৯৬০ সালের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় গত ২০ ও ২১ সেপ্টেম্বর ইমরানের তিন বোনকে আটক করা হয় বলে জানায় অ্যামনেস্টি।
দুজন মুক্তি পেলেও আলিমা খান এখনো লাহোরের কোট লাখপত কারাগারে বন্দি। তার অবিলম্বে মুক্তি এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর কোনো মামলা না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইমরান ও বুশরার শারীরিক অবস্থা
গত ১৮ অগাস্ট সুপ্রিম কোর্ট বিশেষায়িত চিকিৎসার জন্য ইমরানকে আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে পরীক্ষা শেষে কারাগারে ফেরত পাঠানো হয়। এর জেরে আদালত অবমাননার আবেদন করে পিটিআই।
এর আগে জানুয়ারির শেষ দিকে চোখের সমস্যার কারণে পিআইএমএসে ইমরানকে ‘অ্যান্টি-ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল’ ইনজেকশন দেওয়া হয়। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যারিস্টার সাফদারের জমা দেওয়া প্রতিবেদনে উঠে আসে, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ কাজ করছে।
এরপর আদালতের নির্দেশে ব্যক্তিগত চিকিৎসকের সাক্ষাৎ ও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান তিনি।
পরবর্তী সময়ে আদিয়ালা কারাগারে একটি মেডিকেল বোর্ড পরীক্ষার পর জানায়, চশমায় তার বাম চোখের দৃষ্টি ৬/৬ রয়েছে এবং ডান চোখের দৃষ্টি ৬/৩৬ থেকে উন্নীত হয়ে ৬/৯ হয়েছে; তাই হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে, ডান চোখে ব্যথা ও ঝাপসা দেখার অভিযোগের পর গত মার্চে আদিয়ালা কারাগারে পরীক্ষায় বুশরা বিবির ডান চোখে ‘পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট’ (পিভিডি), মায়োপিয়া ও অ্যাস্টিগমাটিজম ধরা পড়ে।
এরপর গত ১৬ এপ্রিল সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর চোখে অস্ত্রোপচার করা হয়।
