২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

এ ঘটনায় আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইউএনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 05:50 PM

Updated : 20 Nov 2026, 09:34 PM

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন; যাদের মধ্যে দুইজন শিশু। তারা একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৭), তার বোন কাশিফা জান্নাত (২০), রুবেলের ছয় মাসের মেয়ে মাশরুফা এবং কাশিফার দুই বছরের ছেলে সাহিল।

আহতরা হলেন- রুবেলের স্ত্রী তানিয়া (২০), কাশিফার স্বামী সাকিল এবং কাশিফার ১১ মাস বয়সি মেয়ে আয়াত। তাদের মধ্যে তানিয়াকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আয়াতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অটোরিকশা চালক জয়নাল আবেদীনও চিকিৎসাধীন রয়েছেন।

রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।