ব্রুনেইয়ে মানবপাচারে দোষী বাংলাদেশির কারাদণ্ড ও বেত্রাঘাত বহাল
তিন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ে মানবপাচারে সাজাপ্রাপ্ত এক বাংলাদেশি ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির আপিল আদালত। একইসঙ্গে ৫০ হাজার ব্রুনেই ডলার জরিমানা এবং ছয় বেত্রাঘাতের সাজাও রাখা হয়েছে।
মাহেদি হাসান নামে এ বাংলাদেশির বিরুদ্ধে তিন বাংলাদেশি শ্রমিককে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ ছিল।
রোববার দেশটির আইনবিষয়ক সংবাদ ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেক্সব্রু’ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মাহেদি হাসানের করা আপিল খারিজ করে দেন দেশটির আপিল আদালতের তিন বিচারপতির বেঞ্চ। বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি স্টিভেন চং। অন্য দুই বিচারপতি ছিলেন মাইকেল লুন ও এডওয়ার্ড টিমোথি স্টারবাক উললি। গত ২৭ অক্টোবর এ আপিলের শুনানি হয়।
মাহেদি হাসান তিনটি মানবপাচার-সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে তিন বাংলাদেশিকে ব্রুনেইয়ে কাজ দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে ‘প্রতারণা ও জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার’ অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ওই তিন বাংলাদেশিকে প্লাম্বার, নিরাপত্তাকর্মী, ওয়েটার ও ওয়ার্কশপ সহকারীর কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাদের মাসিক বেতন ৬০০ থেকে ৮৭৫ ব্রুনাই ডলার নির্ধারণের কথা বলা হয়। তবে দেশটিতে পৌঁছানোর পর তাদের কাউকে কম বেতনের নির্মাণকাজ ও অন্যান্য শ্রমসাধ্য কাজে নিয়োগ দেওয়া হয়, আবার কাউকে কোনো কাজই দেওয়া হয়নি।
তারপর মাহেদি তাদের পাসপোর্ট নিজের কাছে রেখে দেন এবং প্রতি মাসে ৫০ থেকে ১০০ ব্রুনেই ডলার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা অথবা দেশে ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয় ওই শ্রমিকদের।
২০২৫ সালের ৬ নভেম্বর ব্রুনেইয়ের হাইকোর্ট মাহেদিকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা দেন। প্রথম দুটি অভিযোগে পৃথকভাবে চার বছর করে কারাদণ্ড, ২০ হাজার ব্রুনেই ডলার করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে ২০ মাস করে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি প্রতিটি অভিযোগে দুইবার করে বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়। তৃতীয় অভিযোগে চার বছরের কারাদণ্ড, ১০ হাজার ব্রুনেই ডলার জরিমানা, অনাদায়ে ১০ মাসের কারাদণ্ড এবং দুইবার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়।
কারাদণ্ডের মেয়াদগুলো একইসঙ্গে কার্যকর হওয়ার কথা থাকলেও তৃতীয় অভিযোগের সাজা থেকে শেষ এক বছর অতিরিক্ত হিসেবে কার্যকর করার নির্দেশ দেন আদালত। সব মিলিয়ে মাহেদির কারাদণ্ড দাঁড়ায় পাঁচ বছর। জরিমানা করা হয় ৫০ হাজার ব্রুনেই ডলার এবং বেত্রাঘাতের সংখ্যা দাঁড়ায় ছয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ৫০ মাস কারাভোগ করতে হবে।
এই সাজা চ্যালেঞ্জ করে আপিল করেন মাহেদি। জরিমানার পরিমাণ, কারাদণ্ডের অতিরিক্ত এক বছর এবং বেত্রাঘাতের সাজা নিয়ে আপত্তি জানান তিনি। মামলার বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাকেও সাজা কমানোর কারণ হিসেবে বিবেচনার আবেদন করেন।
তবে আপিল আদালত তার এসব যুক্তি গ্রহণ করেননি। আদালত বলেন, হাইকোর্টে সাজা ঘোষণার সময় মাহেদির পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার সাজা কমানোর পক্ষে লিখিত ও মৌখিক বক্তব্যও দেওয়া হয়েছিল।
মামলার বিচারপ্রক্রিয়ায় বিলম্বের যুক্তি প্রসঙ্গে আদালত জানান, অপরাধগুলো ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সংঘটিত হলেও ভুক্তভোগীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ২০২১ সালে। মাহেদিকে শনাক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
আপিলে মাহেদির পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ দাউদ হাজি ইসমাইল ও শেখ আহমাদ ওয়ায়েজ শেখ ওবাইদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি মুয়িজ্জাহ হাজি সাবলি ও সিয়াজওয়ানি জুমাত।
