এইচএসসি পুনঃনিরীক্ষণ: বরিশালে ২ হাজার ৭৭১ জনের নম্বর পরিবর্তন
অকৃতকার্য থেকে পাস করেছে ২১ জন এবং নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ২১ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।
এর মধ্যে অকৃতকার্য থেকে পাস করেছে ২১ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২১ জন।
সোমবার পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়েছে বলে বোর্ড চেয়ারম্যান মো. জসিম উদ্দীন জানান।
তিনি বলেন, ফল পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ২৯৩ জন শিক্ষার্থী ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্রের আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৭৭১ জনের নম্বর ও ৫২০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
এর আগে ৩১ অক্টোবর এবারের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তাতে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ৯৫০ জন। ফল প্রকাশের পর ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়।
এদিকে এইচএসসিতে এক ও দুই বিষয়ে অকৃতকার্য ১৪ হাজার ৫৭০ জন পরীক্ষার্থী সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা।
তিনি বলেন, এদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ৩ হাজার ৪১৩ জন এবং দুই বিষয়ে ১১ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভাগের ছয় জেলার ৪১টি কেন্দ্রে ৩৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
