এইচএসসি পুনঃনিরীক্ষণ: কুমিল্লায় নতুন জিপিএ-৫ ১২০ জনের, পাস ৫০৭
আবেদন করে অকৃতকার্যই রয়ে গেছেন ৫৫৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১২০ জন; আর অকৃতকার্য থেকে পাস করেছে ৫০৭ জন শিক্ষার্থী।
পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
বোর্ড জানায়, এবারের এইচএসসি পরীক্ষার পর ২৫ হাজার ১৯৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৬ হাজার ৪১০ জনের নম্বর পরিবর্তন হয়েছে এবং সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬২ জনের।
ফলাফলে দেখা যায়, এক বিষয়ে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুই বিষয়ে ২১১ জনের এবং তিন বিষয়ে ১৬ জনের। আগের ফলাফলে অকৃতকার্য ৫০৭ জন শিক্ষার্থী পাস করলেও আবেদন করে অকৃতকার্যই রয়ে গেছেন ৫৫৮ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, “পুনঃনিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হয়েছে, তারা কলেজে ভর্তি হতে পারবেন। আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে পুনঃনিরীক্ষণ করতে।”
