০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ডি জর্জি

ডি জর্জির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হতে পারে মার্কেস অ্যাকারম্যানের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ডি জর্জি

টনি ডি জর্জি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 08:20 PM

Updated : 03 Oct 2026, 08:20 PM

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জি। তার জায়গায় অভিষেক হতে পারে মার্কেস অ্যাকারম্যানের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হ‍্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়া পঞ্চম ক্রিকেটার ডি জর্জি। একই চোটে ভুগেছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওটনিয়েল বার্টমান ও কিউনা মাফাকা।

ডারবানে আগামী শুক্রবার শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গত বুধবার পচেফস্ট্রুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান ডি জর্জি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাদের বিবৃতিতে তার চোটকে গুরুতর নয় বলে জানিয়েছে। তবে, প্রথম টেস্টে তার খেলা সম্ভব নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য আগেই ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে সিএসএ। দুই দিনের প্রস্তুতি ম্যাচ চলার সময়েই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এই ম্যাচে টনি ডি জর্জির বিকল্প হিসেবে কাউকে নেবে না সিএসএ।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে তিনে নেমে ক্যারিয়ার সেরা ২৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন অ্যাকারম্যান। ডি জর্জির এই চোট প্রথম টেস্টে তার অভিষেকের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে তিনে ব্যাটিং করা এই ব্যাটসম্যানের আছে পাঁচ নম্বরেও ব্যাটিং করার অভিজ্ঞতা।

সম্প্রতি ক্যারিয়ার সেরা ইনিংস খেলা এই ব্যাটসম্যান আপাতত জাতীয় দলে জায়গা পেতে লড়ছেন ট্রিস্টান স্টাবস, ভিয়ান মুল্ডার ও ডেভিড বেডিংহামের সঙ্গে।

নতুন দুঃসংবাদের সঙ্গে কিছুটা সুখবরও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা চার ক্রিকেটারের সবশেষ অবস্থা বেশ ইতিবাচক। শীতকালীন অনুশীলনে চোটে পড়া রাবাদা টেস্টের প্রাথমিক দলে আছেন। তিনি খেলবেন প্রস্তুতি ম্যাচে। এই ম্যাচের পর টেস্টে তিনি খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

একই চোটে থাকা এনগিডি, মাফাকা ও বার্টমানকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিবেচনায় রাখা হয়নি। আশা করা হচ্ছে, আসন্ন বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজে তাদেরকে পাওয়া যাবে।