লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নয়ার
পায়ে চোট পেয়েছেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক।
ম্যাচের মাঝপথে যখন মাঠ ছেড়ে উঠে যান মানুয়েল নয়ার, তখনই তাকে নিয়ে জাগে শঙ্কা। সেই শঙ্কাই সত্যি হয়েছে। পায়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক।
জার্মান চ্যাম্পিয়নরা রোববার জানিয়েছে, মাইন্সের বিপক্ষে খেলার সময় নয়ারের ডান পায়ের টেন্ডন আংশিক ছিঁড়ে গেছে। শনিবারের ম্যাচটি ২-১ গোলে জিতে বায়ার্ন।
নয়ারের ফিরতে কতদিন লাগবে, সে বিষয়ে কিছু জানায়নি বায়ার্ন। জার্মান পত্রিকা বিল্ডের খবর, প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে নয়ারকে।
৪০ বছর ২২৫ দিন বয়সে মাইন্সের বিপক্ষে খেলতে নেমে বায়ার্নের হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড গড়েন নয়ার।
কীর্তি গড়ার দিনটিতে প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছাড়তে হয় নয়ারকে। পায়ের চোটে গত অক্টোবরে চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ দিতে মাঠে ফেরেন জার্মানির এই ফুটবলার।
৯টি ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগার শীর্ষে আছে বায়ার্ন। আগামী ২০ নভেম্বর কোলনের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা।
