একিলিসের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন
এক বছরের জন্য এই ডিফেন্ডার মাঠের বাইরে চলে গেছেন, মনে করেন জামাল ভূঁইয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সাদ উদ্দিনের চোট নিয়ে কোচ টমাস ডুলি বলেছিলেন বড় শঙ্কার কথা। বলছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে তার আর খেলা হচ্ছে না। জামাল ভূঁইয়া দিলেন আরও বড় দুঃসংবাদ। বললেন, এক বছরের জন্য মাঠের বাইরে চলে গেছেন তার সতীর্থ।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। ওই ম্যাচের ৭৬তম মিনিটে প্রতিপক্ষের কড়া ট্যাকলের শিকার হন সাদ উদ্দিন। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর হাসপাতালে ছুটতে হয় তাকে।
এবিজি স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালের অনুশীলনে স্বাভাবিকভাবেই দলের সাথে ছিলেন না সাদ উদ্দিন। তার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জামাল দেন দুঃসংবাদটি।
“আমি শুনলাম সাদের অ্যাকিলিস (টেন্ড) ওইটা ছিঁড়ে গেছে, তাই কমপক্ষে এক বছর বাইরে থাকবে।”
আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে মুখোমুখি হবে প্রথম ও সবশেষ ২০০৩ সালে সাফের শিরোপা জেতা বাংলাদেশ।
সাদ উদ্দিন ছিটকে গেলেও রাইট ব্যাক পজিশনে এ মুহূর্তে বিকল্প আছে ডুলির হাতে। তার ভাই তাজ উদ্দিন ও রহমত মিয়া আছেন দলে। এছাড়া, ভুটান ম্যাচে নাম্বার নাইন পজিশনে খেলা বিশ্বনাথ ঘোষ মূলত রাইট ব্যাক।
