২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চোটে আবারও মাঠের বাইরে মুসিয়ালা

স্নায়ুর রোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।

নতুন চোটে আবারও মাঠের বাইরে মুসিয়ালা

জামাল মুসিয়ালা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 11:09 PM

Updated : 27 Nov 2026, 11:09 PM

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জামাল মুসিয়ালার। স্নায়ুর রোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যেই হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

২৩ বছর বয়সি এই তারকার ডান হ্যামস্ট্রিংয়ে চোটের কথা শুক্রবার জানায় জার্মান চ্যাম্পিয়নরা। দীর্ঘদিন পর তার মাঠে ফেরার এক সপ্তাহ যেতে না যেতেই এলো এই খবর।

হ্যামস্ট্রিংয়ের চোটে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকার পর, গত শুক্রবার বুন্ডেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ ড্র ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মুসিয়ালা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ৭৬তম মিনিটে মাঠে নামেন তিনি।

বায়ার্ন জানিয়েছে, তাদের চিকিৎসক দল পেশির এই চোট নিশ্চিত করেছে এবং ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ মুসিয়ালা মাঠের বাইরে থাকবেন। তার মাঠে ফেরার সময়সীমা ক্লাবটির কাছে জানতে চেয়েছে রয়টার্স।

তবে জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বছর আর মাঠে ফিরতে পারবেন না মুসিয়ালা।

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে মুসিয়ালার পা ভেঙে যায়, ফলে গত মৌসুমের অর্ধেক সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর ২০২৬ সালের শুরুর দিকে তিনি মাঠে ফেরেন এবং বিশ্বকাপে জার্মানির হয়ে খেলেন।

সম্প্রতি তার স্নায়ুর রোগের বিষয়টি সামলানোর ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। দুটি ম্যাচে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর গত অগাস্টে এই অসুস্থতার কথা প্রকাশ করেন তিনি।

বায়ার্ন বুধবার জানায়, স্নায়ুর রোগের উপসর্গের জন্য প্রথমবার মুসিয়ালার পরীক্ষা করা হয় ২০২৫ সালের এপ্রিলে, যা তার রোগ নির্ণয়ের ঘোষণার ১৬ মাসের বেশি সময় আগে।

বায়ার্নের অনারারি সভাপতি উলি হোয়েনেস ও বোর্ড সদস‍্য কার্ল-হেইঞ্জ রুমেনিগেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মুসিয়ালার ভবিষ্যৎ এবং তিনি আদৌ আর সেরা ফর্মে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে মন্তব্যে করার পর ক্লাবটি এই সপ্তাহে তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে।

ক্লাব কর্তাদের মন্তব্যের তীব্র সমালোচনা করে বিশ্বব্যাপী খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো।

আলোচনার পর বায়ার্ন বলেছে, “উভয় পক্ষের জন্য খেলোয়াড়ের স্বাস্থ্যই অগ্রাধিকার পাবে। জামাল মুসিয়ালা তার সেরে ওঠার প্রক্রিয়া জুড়ে পূর্ণ সমর্থন পাবেন।”

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন মুসিয়ালা।

এই মৌসুমে প্রথম হারের পর শনিবার বুন্ডেসলিগায় হামবুর্গের বিপক্ষে খেলবে বায়ার্ন।