২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে ঢুকে কুপিয়ে হত্যা: মুরগির অস্থায়ী দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের জের, বলছে পুলিশ

স্থানীয়রাও বলছেন, রাতে হোটেল ওসমানীতে একটি মুরগি ঢুকে পরা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলেও সেটি এক পর্যায়ে হামলা ও খুনের ঘটনায় রূপ নেয়।

হোটেলে ঢুকে কুপিয়ে হত্যা: মুরগির অস্থায়ী দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের জের, বলছে পুলিশ

নিহত নাঈমুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 10:46 PM

Updated : 27 Nov 2026, 10:46 PM

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যার ঘটনার পেছনে রাতে ফুটপাতে মুরগির অস্থায়ী দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের বিষয়কে দায়ি করছেন স্থানীয় ও তদন্ত সংশ্লিষ্টরা।

তারা বলছেন, বৃহস্পতিবার রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে একটি মুরগি ঢুকে পরা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলেও সেটি এক পর্যায়ে হামলা ও খুনের ঘটনায় রূপ নেয়। যদিও হোটেল কর্তৃপক্ষ ও সামনের ফুটপাতে রাতে মুরগির অস্থায়ী পাইকারী দোকানদারদের সঙ্গে দ্বন্দ্বটা ছিল বেশ পুরনো।

বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ২টার দিকে হোটেল ওসমানীতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং কর্মচারীদের ওপর হামলা চালায় এনায়েত এ্যানি ও তার ছেলে ইরান কাজী। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুল ইসলাম (৩০) মারা যান। গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপটাতালে চিকিৎসাধীন আছেন, হোটেলের আরেক ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। এছাড়া হোটেলটির আরও ৫ আহত কর্মী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত নাঈমুলের চাচাত ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ানুল ইসলাম রাফি সন্ধ্যা ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলটির সামনের রাস্তায় রাতের বেলা মুরগির অস্থায়ী পাইকারী দোকান বসায় কাপ্তান বাজারের ব্যবসায়ীরা। এতে হোটেলের সামনের অংশ নোংরা হয়। ফলে যাতায়াতের সমস্যাসহ হোটেলের পার্কিংয়ের রাস্তাও বন্ধ হয়ে যায়।

“এসব নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে একটি মুরগি ঢুকে যায় হোটেলের ভেতরে। সেটা নিয়ে এ্যানির সঙ্গে হোটেলের নিরাপত্তা রক্ষীর কথা কাটাকাটি হয়। সেখান থেকেই এক পর্যায়ে এ্যানি ও তার ছেলে হোটেলে হামলা চালিয়ে তাদের এলোপাথাড়ি কোপায়। এতে আমার ভাই নিহত হয়েছে।”

আহত রাজ্জাকের নাতি মো. জুবায়ের বলেন, “হোটেলের পাশের মুরগির দোকানের মালিক এনায়েত ও তার ছেলে ইরান কাজী রাতে হোটেলে ঢুকে ৩ জনকে কুপিয়ে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।”

এদিকে এ খুনের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিহতের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় ওয়ারী থানায় মামলা করেছেন। নাঈমুলের লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে দুদুখান গ্রামে নিয়ে গেছেন স্বজনরা।

এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তদন্ত সংশ্লিষ্ট অন্তত ৩ জন কর্মকর্তাও স্থানীয়দের মতই ঘটনার নেপথ্যের কারণ হিসেবে প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, হোটেলটির সামনে রাতে মুরগির পাইকারি বাজার বসে। বৃহস্পতিবার রাত ১টার দিকে সেখানকার একটি খাঁচা থেকে একটি মুরগি ছুটে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিভিন্ন পাইকারী ব্যবসায়ীর দোকানে অস্থায়ীভাবে কাজ করা এনায়েত ওরফে এ্যানি হোটেলের নিরাপত্তা কর্মীকে মুরগিটি বের করে দিতে বলেন।

নিরাপত্তা কর্মী মুরগিটি বের করে দিলে এ্যানি সেটি সংশ্লিষ্ট ব্যবসায়ীর খাঁচায় না রেখে হোটেলের গেইটের পাশে বেঁধে রাখেন। নিরাপত্তা কর্মী এতে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে এ্যানি ওই নিরাপত্তা কর্মীকে মারধর করেন। পরে হোটেলের কর্মীরা এ্যানিকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে নিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেন।

এর মধ্যেই রাত পৌনে ২টার দিকে এ্যানির ছেলে ইরান সেখানে আসেন। হোটেল কর্মীদের সঙ্গে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইরান তার কাছে লুকিয়ে রাখা একটি রামদা ও একটি ছুরি বের করেন।

ইরান ছুরি এবং এ্যানি রামদা দিয়ে হোটেলের কর্মীদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ম্যানেজার নাঈমুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন হোটেলের আরও ৪ কর্মী।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান সন্ধ্যায় বলেন, “এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সিসিটিভি ভিডিওতে ২ জনকে দেখা গেছে।”

ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপি ওয়ারি জোনের সহকারী কমিশনার সোহেল রানা সাংবাদিকদের বলেন, “হোটেলে হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি। হোটেলের সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।”

এর আগে গত মার্চ মাসে ডিএমপি রাজধানীর চাঁদাবাজ ও চাঁদাবাজির বিভিন্ন খাতের তালিকা করেছে। সেই তালিকায় চাঁদাবাজির ক্ষেত্র হিসেবে কাপ্তান বাজার কেন্দ্রীক ফুটপাতগুলোতে অবৈধ মুরগির দোকানও রয়েছে। সেই তালিকায় ফুটপাত অবৈধ মুরগির দোকানের সংখ্যা না থাকলেও দৈনিক সেগুলো থেকে অন্তত ৪ লাখ টাকা চাঁদা ওঠার তথ্য দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও হোটেলের একাধিক নিরাপত্তা কর্মী বলেছেন, হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল কাপ্তান বাজার থেকে হাঁটা পথে আনুমানিক তিন থেকে চার মিনিটের দূরত্ব। তবু রাতে অস্থায়ী পাইকারী মুরগির দোকানগুলো এই হোটেলসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

সার্বিক বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি ওয়ারী বিভাগের উপ কমিশনার, অতিরিক্ত উপ কমিশনার, ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার ও ওয়ারী থানার ওসিকে একাধিকবার কল করা হলে তারা সাড়া দেননি।

পুরনো খবর:

ওয়ারীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২