পরিবার ফিরিয়ে দিলেও বৃদ্ধাশ্রমে পেলেন নতুন জীবন, বর ৭৫ কনে ৬৩
একজনের ঠাঁই হয়েছিল অন্ধকার গুহায়, অন্যজন ঘর ছেড়েছিলেন উদ্দেশ্যহীনভাবে। অবশেষে ভারতে হিমাচলের এক বৃদ্ধাশ্রমে বিয়ের পিঁড়িতে বসেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা।
জীবনের পড়ন্ত বেলায় একাকীত্ব যখন গ্রাস করে নিয়েছিল, ঠিক তখনই ভালোবাসা আর নতুন করে বাঁচার এক অনন্য কাহিনী রচনা করলেন ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দুই প্রবীণ নাগরিক।
পরিবার থেকে বিতাড়িত ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল এবং ৬৩ বছর বয়সী সাবিনা জীবনের গোধূলিবেলায় এসে একে অপরের হাত ধরে শুরু করলেন এক নতুন জীবন।
বিলাসপুর জেলার ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে সম্প্রতি বসেছিল এই ব্যতিক্রমী বিয়ের আসর। হিন্দু রীতিনীতি মেনে বৃদ্ধাশ্রমের অন্যান্য আবাসিক, কর্মী এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে সাতপাকে বাঁধা পড়েন এই নবদম্পতি।
বিয়ের আনুষ্ঠানিকতায় কোনও কমতি ছিল না—মালাবদল থেকে শুরু করে পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরা, সবই সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী প্রথা মেনে।
এই অনন্য বিয়ের সাক্ষী হতে বরযাত্রীর অংশ হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের হাতে বিয়ের উপহার তুলে দেন।
বিয়ের উৎসব শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় গায়েহলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেদিন কানহাইয়া লাল ও সাবিনা দুজনই সেজেছিলেন উজ্জ্বল হলুদ পোশাকে। বয়সের ভার ভুলে ঐতিহ্যবাহী হিমাচলি গানের তালে তালে আনন্দ করতেও দেখা যায় এই জুটিকে।
এই বিয়ে পুরো বৃদ্ধাশ্রমেই আনন্দের জোয়ার নিয়ে আসে। আশ্রমের অন্যান্য বাসিন্দা এবং প্রতিষ্ঠানের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবে মেতে ওঠেন, নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক কিরণ ভাদানা বলেন, এই বিয়ে গোটা সমাজের কাছে এক অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
‘আপনা ঘর’-এর এমন মহৎ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বয়স যা-ই হোক না কেন, জীবনের পূর্ণতা নিয়ে বেঁচে থাকার অধিকার সবারই রয়েছে।
তিনি আরও বলেন, বয়স বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে মানুষকে জীবনের আনন্দ উপভোগ করা কিংবা মনের মতো একজন সঙ্গী খুঁজে নেওয়া বন্ধ করে দিতে হবে।
নিঃসঙ্গতা থেকে সঙ্গী খুঁজে পাওয়ার গল্প
এই দম্পতির বিয়ের পেছনের কাহিনী পুরো ঘটনাকে আরও বেশি স্পর্শকাতর ও অনন্য করে তুলেছে। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বনসাল জানান, ২০২২ সালে তাদের সংস্থার একটি দল কানহাইয়া লালকে একটি গুহা থেকে উদ্ধার করেছিল।
একসময় পরিবারের সঙ্গেই তার সাজানো সংসার ছিল। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের সব সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। এরপরই নির্মমভাবে তাকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত আশ্রয়হীন হয়ে তিনি একটি গুহায় থাকা শুরু করেন।
মান্ডি জেলার জাঞ্জেহলি অঞ্চলের থুনাগ এলাকার থুনাগ গ্রামের বাসিন্দা কানহাইয়া লালকে উদ্ধারের পর এই বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়। সেই থেকেই এখানেই কাটছিল তার দিনগুলো।
অন্যদিকে, ভারতের কলকাতার বাসিন্দা সাবিনা ঘর ছেড়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে বেড়াতে একসময় হিমাচল প্রদেশে পৌঁছান।
সংস্থাটির তথ্যমতে, প্রথমে তাকে রাজ্যের রাজধানী সিমলায় নেওয়া হয়েছিল এবং পরে ২০২৫ সালে বিলাসপুরের এই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।
একই আশ্রমে বাস করতে গিয়ে ধীরে ধীরে দুজনের মধ্যে এক গভীর মায়া ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জীবনের বাকি দিনগুলো একসঙ্গ কাটানোর সিদ্ধান্ত নেন তারা।
‘আপনা ঘরের’ প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বনসাল জানান, নিঃসঙ্গতা কাটাতে ও সঙ্গী হিসেবে পেতে তারা একে অপরকে বেছে নিয়েছেন এবং তাদের এই সিদ্ধান্ত গোটা সমাজের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
তিনি আরও বলেন, পরিবার থেকে পরিত্যক্ত এসব মানুষের পাশে সমাজের দাঁড়ানো উচিত এবং তাদের জীবন নতুন করে গুছিয়ে নিতে সহায়তা করা প্রয়োজন।
সোলানে নতুন জীবনের শুরু
বিয়ের পর কানহাইয়া লাল এবং সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানেই শুরু হবে তাদের নতুন দাম্পত্য জীবন।
বিয়ের এই অনুষ্ঠানে জেলা কল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বনসালসহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।
অন্যান্য প্রবীণ নাগরিকদেরও আশ্রয় ও সেবা প্রদানকারী এই বৃদ্ধাশ্রমটির দায়োলি শাখায় মোট ২৫ জন আবাসিকের থাকার ব্যবস্থা রয়েছে।
কানহাইয়া লাল ও সাবিনার কাছে এই বিয়ে কেবল জীবনের নতুন এক অধ্যায়ই নয়, বরং এর চেয়েও অনেক বড় কিছু।
বছরের পর বছর ধরে চলা অনিশ্চয়তা আর একাকীত্ব পেছনে ফেলে, অবশেষে তারা একে অপরের মাঝেই খুঁজে পেয়েছেন মনের মতো সঙ্গী এবং নিজের বলতে পারার মতো এক আপন ঠিকানা।
