২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা ছড়ার সময় অতিথির কাজের শর্ত কমাল এয়ারবিএনবি, মিশ্র প্রতিক্রিয়া

প্ল্যাটফর্মটি মনে করছে, কক্ষ ভাড়া নেওয়ার সহজ শর্তাবলি আরও বেশি মানুষকে তাদের মাধ্যমে হোটেল, গেস্ট হাউজ বুক করতে উৎসাহিত করবে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 08:12 PM

Updated : 20 Nov 2026, 08:33 PM

অতিথিদের দিয়ে করানো গৃহস্থালি কাজের ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন নিয়মাবলি কার্যকর করেছে বিভিন্ন দেশে ভ্রমণকারীদের স্বল্প বা দীর্ঘমেয়াদে বাড়ি, অ্যাপার্টমেন্ট, হোটেল রুম ভাড়া নেওয়ার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি।

হঠাৎ প্ল্যাটফর্মটির এমন সিদ্ধান্ত হোটেল মালিক এবং ভ্রমণকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এয়ারবিএনবি বলছে, হোটেল বা গেস্ট হাউজে রুম ছাড়ার সময় গৃহস্থালি কাজের চাপ গ্রাহকদের তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিং দিতে নিরুৎসাহিত করতে পারে। তাদের বিশ্বাস, সুস্পষ্ট ও সহজ গৃহস্থালি নিয়ম করা হলে তা আরও বেশি মানুষকে তাদের সেবা গ্রহণে উৎসাহিত করবে।

তবে কিছু হোটেল বা গেস্ট হাউজ মালিক আশঙ্কা করছেন যে, এয়ারবিএনবির এই নীতি তাদের ব্যবসা পরিচালন ব্যয় বাড়িয়ে দিতে পারে। আর বাড়তি অর্থের এই ধাক্কা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই বর্তাবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মটির নতুন এই নীতির মাধ্যমে হোটেলে কর্তৃপক্ষ অতিথিদের সেখানে অবস্থান শেষে তাদের থালাবাসন ধোয়া বা বিছানার চাদর পাল্টানোর কথা বলতে পারবেন না। তবে অতিরিক্ত শর্ত আরোপের পেছনে জোরাল কোনো কারণ থাকলে তারা এয়ারবিএনবির কাছে আবেদন বা আপিল করতে পারবেন।

মূলত হোটেলে দীর্ঘ সময় থেকে চেক আউটের আগে দীর্ঘ কাজের তালিকাকে ‘বোঝা’ মনে করা অতিথিদের অভিযোগের প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। এক ভ্রমণকারী বিবিসিকে বলেছেন, সেই অভিজ্ঞতা ‘মোটেও স্বস্তিদায়ক ছিল না’।

এদিকে হোস্ট বা গেস্ট হাউজ বা হোটেল মালিকরা সতর্ক করেছেন, নতুন এই নিয়মের ফলে সৃষ্ট অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচ শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই বর্তাতে পারে।

এয়ারবিএনবির গত মাসে ঘোষিত এই নতুন নিয়মাবলিতে হোস্টদের ৭টি মানসম্মত গৃহস্থালি নিয়মের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে রাত্রিযাপনকারী অতিথির সংখ্যা নির্ধারণ এবং পোষা প্রাণী ও ধূমপানের ওপরও বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে।

এ ক্ষেত্রে হোস্ট বা মালিকরা চাইলে অতিরিক্ত কিছু শর্তও যুক্ত করতে পারেন, তবে অতিথিদের থালাবাসন ধোয়া, বিছানার চাদর অপসারণ, আবর্জনা বাইরে ফেলা কিংবা ঘরের বিদ্যুৎ, পানি ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা যাবে না।

কোম্পানিটি বলছে, তারা এরিইমধ্যে প্রপার্টি লিস্টিংগুলো পর্যালোচনা শুরু করেছে এবং যাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এমন হোটেল, গেস্ট হাউজ মালিকদের ই-মেইল পাঠাবে।

যুক্তরাজ্যের ওয়েলসে একটি হলিডে রেন্টাল পরিচালনাকারী লিসা ক্লুস বিবিসিকে বলেন, একটি ডিনার পার্টির পর কিছু অতিথি তার বাড়িটি যে অবস্থায় রেখে গিয়েছিল তা দেখে তিনি ‘আতঙ্কিত’ বোধ করছিলেন। মেঝেতে ভাঙা গ্লাস ও পানীয়ের ক্যান ছড়িয়ে ছিল। টেবিলে খাবার ভর্তি প্যান ফেলে রাখা হয়েছিল এবং বাগানে মাছের উচ্ছিষ্ট ফেলা হয়েছিল।

পরবর্তী অতিথিদের জন্য তার তিন বেডরুমের বাড়িটি নতুন করে প্রস্তুত করতে পরিচ্ছন্নতাকর্মীদের চার ঘণ্টা সময় লাগে। এভাবে অতিথিরা যদি বাড়ি অতিরিক্ত নোংরা করে তাহলে বাড়তি পরিচ্ছন্নতাকর্মীর প্রয়োজন হবে এবং খরচ বেড়ে যাবে; যা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই বর্তাবে।

এডিনবার্গের একটি হলিডে হোমের মালিক ফিওনা ভেন্টারও এয়ারবিএনবির নতুন নিয়মকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেন। তিনি বলছেন, যেসব অতিথি নিজেদের আবর্জনা সঙ্গে করে নিয়ে যেতে চান না তিনি তাদের বুকিং গ্রহণ করবেন না।

তবে কিছু ভ্রমণকারী এই পরিবর্তনকে স্বাগতও জানিয়েছেন। জেসিকা নামে এক ভ্রমণকারী বলছেন, মোটা অঙ্কের ক্লিনিং ফি দেওয়ার পরও তাকে বারবার চেক-আউটের দীর্ঘ কাজের তালিকার মুখে পড়তে হয়েছে।

১১ জনের একটি পারিবারিক পুনর্মিলনীর জন্য তিনি ফ্লোরিডায় একটি এয়ারবিএনবি প্রপার্টি বুক করেছিলেন। ২৫০ ডলার ক্লিনিং ফি পরিশোধের পরও, তাদের বলা হয়েছিল যাতে বাড়ি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পুরোপুরি গোছানো অবস্থায় যেতে।

তিনি বলেন, “আমাদের জন্য সবকিছুর ওপরই নিয়ম ছিল এবং অভিজ্ঞতাটি মোটেও আরামদায়ক ছিল না।”