তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে যেসব অভ্যাসে
সকালে নাশতার বদলে কফি, সন্ধ্যায় ফাস্টফুড আর রাত জেগে কাজ বা বিনোদন—তরুণদের এই অনিয়মিত জীবনযাপন নীরবে ডেকে আনছে ডায়াবেটিসের মতো জটিল রোগ।
সকালে নাশতার বদলে কফি, দুপুরে তাড়াহুড়ো করে খাবার, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফাস্টফুড, আর রাত জেগে কাজ বা বিনোদন- অনেক তরুণদেরই দিন কাটে এমন ছকে।
এর সঙ্গে যোগ হয় দীর্ঘ সময় কাজের বা পড়ার টেবিলে বসে থাকা। তবে কিছু অভ্যাস দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
বংশগতির সঙ্গে জীবনযাপনের যোগ
ডায়াবেটিসের ঝুঁকি বুঝতে শুধু নিজের অভ্যাসই না, পারিবারিক ইতিহাসও জানা দরকার।
মা-বাবা বা ভাইবোনের ডায়াবেটিস থাকলে অন্য সদস্যদের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। তবে বংশগত প্রবণতা থাকা মানেই রোগটি অনিবার্য, তাও নয়।
একই পরিবারের একজন আক্রান্ত হলেও অন্যজনের নাও হতে পারে।
“জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি জীবনযাপনেরও প্রভাব আছে। একই ধরনের খাবার, বসে থাকার অভ্যাস বা শারীরিক পরিশ্রমের ঘাটতি স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে”, বলেন সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ কামরুল হাসান।
খাবার নয়, খাওয়ার ধরনও গুরুত্বপূর্ণ
তরুণদের খাবারের পছন্দে সুবিধা ও স্বাদের প্রভাব বেশি। দিনের বিরতিতে বার্গার, কাজের ফাঁকে মিষ্টি পানীয় বা রাত জেগে পড়ার সময় চিপস- এসব খাবার সহজেই কাছে পাওয়া যায়।
তবে সমস্যা কোনও একটি খাবার খাওয়ায় নয় বরং পুষ্টির ভারসাম্য না রেখে নিয়মিত অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণে।
“আবার ওজন নিয়ন্ত্রণের জন্য কখনও না খেয়ে থাকা বা পরে অতিরিক্ত খাবার খাওয়া কোনওটাই সঠিক নয়”, মন্তব্য করেন এই চিকিৎসক।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা কঠোর খাদ্যতালিকা অনুসরণ না করে বরং খাবারের বাস্তবসম্মত রুটিন ঠিক করা উচিত।
ডা. কামরুল পরামর্শ দেন, “শাকসবজি, ডাল, মৌসুমি ফল, মাছ, ডিম ও অন্যান্য প্রোটিনের উৎস রাখা যেতে পারে। আবার পরিশোধিত শস্যের বদলে সম্ভব হলে আঁশসমৃদ্ধ খাবার বেছে নেওয়া ভালো। কোমল পানীয় ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে সাধারণ খাবার পানি পান করার অভ্যাসও উপকারী।”
এই চিকিৎসকের মতে, “খাবার বাদ দিয়ে ওজন কমানোর চেষ্টা দীর্ঘমেয়াদে টেকসই নয়। বরং বয়স, উচ্চতা, কাজের ধরন ও শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করা জরুরি।”
ভাত বা রুটি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই; কোন খাবার কতটা এবং কীসের সঙ্গে খাওয়া হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
টেবিলের জীবন থেকে একটু নড়াচড়া
পড়াশোনা বা চাকরির প্রয়োজনে দীর্ঘ সময় বসে থাকা এখন অনেকের জীবনেই ঘটে চলে। তাই দিনের বড় অংশ কেটে যায় প্রায় একই ভঙ্গিতে। আবার সন্ধ্যায় ব্যায়াম করার পরিকল্পনা থাকলেও ক্লান্তি বা সময়ের অভাবে আর হয়ে ওঠে না।
তবে শরীরকে সক্রিয় রাখতে প্রতিদিন জিমে যাওয়াই একমাত্র উপায় নয়।
“পড়ার বিরতিতে কয়েক মিনিট হাঁটা, অফিসে কাজের ফাঁকে চেয়ার ছেড়ে দাঁড়ানো, কাছের দূরত্বে হেঁটে যাওয়া বা সাইকেল ব্যবহার কাজে আসে”, বলেন ডা. কামরুল।
রাত জাগার অভ্যাসও ভাবনার বিষয়
রাত জেগে কাজ, সিরিজ দেখা বা মোবাইল ফোনে সময় কাটানো এবং সকালে ঘুম থেকে দেরিতে ওঠা স্বাভাবিক অভ্যাস না। এভাবে ঘুমের সময় প্রতিদিন বদলে গেলে শরীরের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে।
ঘুমের ঘাটতি ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। ফলে ক্ষুধা বেড়ে যাওয়া, বেশি খাওয়ার প্রবণতা এবং ওজন বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে যা স্বাস্থ্যগত দিকে প্রভাব ফেলে।
টাইপ ১ আর টাইপ ২ এক নয়
তরুণ বয়সে ডায়াবেটিসের কথা উঠলে মনে হতে পারে এটি শুধুমাত্র নিশ্চয়ই অনিয়ন্ত্রিত খাবার বা অতিরিক্ত ওজনের ফল। এ ধারণা পুরোপুরি ঠিক নয়।
ডা. কামরুল বলেন, “টাইপ ১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে। খাদ্যাভ্যাস বা শরীরচর্চার অভাবকে এ রোগের একমাত্র কারণ বলা যাবে না।”
অন্যদিকে, টাইপ ২ ডায়াবেটিসের সঙ্গে বংশগত প্রবণতা, ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও অন্যান্য বিপাকীয় বিষয় যুক্ত। এ রোগকে প্রধানত বয়স্কদের সমস্যা মনে করা হলেও এখন কিশোর ও তরুণ বয়সেও শনাক্ত হচ্ছে।
“তাই বয়স কম বলে ঝুঁকি নেই, এমন ভাবার সুযোগ নেই”, বলেন ডা. কামরুল।
