২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপেক সম্মেলনে নজর কাড়ল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’ কী আছে এতে?

একটি মাত্র কালো ব্রিফকেস, আর তাতেই জড়িয়ে আছে গোটা বিশ্বের ভাগ্য। সম্প্রতি চীনের অ্যাপেক সম্মেলনে রুশ প্রেসিডেন্টের ঠিক পেছনে দেখা মিলেছে সেই রহস্যময় ব্রিফকেসের।

অ্যাপেক সম্মেলনে নজর কাড়ল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’ কী আছে এতে?

চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনে পুতিনের সফরসঙ্গী এক রুশ সামরিক কর্মকর্তার হাতে ধরা পড়ে অতিগোপনীয় ‘পারমাণবিক ব্রিফকেস’।ছবি রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 08:36 PM

Updated : 20 Nov 2026, 08:36 PM

দক্ষিণ চীনের শেনঝেন শহরে বৃহস্পতিবার বসেছিল এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের আসর। এর ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা বৈঠকে বসেন। সে সময় সবার নজর কেড়ে নেয় অন্য একটি বিষয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঠিক পেছনে সামরিক পোশাক পরা এক নৌ কর্মকর্তার হাতে দেখা যায় রহস্যময় একটি কালো ব্রিফকেস, যা সাধারণ কোনও ব্যাগ ছিল না বরং ছিল রাশিয়ার অতিগোপনীয় ‘পারমাণবিক ব্রিফকেস (নিউক্লিয়ার ব্রিফকেস)।

রুশ সরকারি টেলিভিশনের ক্যামেরা যখন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে থাকা ওই নৌ-কর্মকর্তার দিকে ক্যামেরা জুম করে, তখন সাংবাদিক ইয়েভগেনি পোপভ ব্যাগটি দেখিয়ে দর্শকদের বলেন, ‘এটিই সেই পারমাণবিক ব্রিফকেস।’

ওই কর্মকর্তাও তখন হেসে নিশ্চিত করে বলেন যে, এই ব্রিফকেসের মাধ্যমেই রুশ প্রেসিডেন্ট সরাসরি দেশের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারেন—যার নাম ‘চেগেট’।”

পোপভ বলেন, 'অবিশ্বাস্য।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও এ ধরনের একটি বিশেষ ব্যাগ থাকে, যা 'পারমাণবিক ফুটবল' (নিউক্লিয়ার ফুটবল) নামে পরিচিত এবং সব সফরেই এটি তার সঙ্গে থাকে। তবে শেনঝেনে এখন পর্যন্ত সেটি দেখা যায়নি।

ওদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন কোনও ব্রিফকেস সঙ্গে নিয়ে ভ্রমণ করেন কি না, তা স্পষ্ট নয়।

এসব ব্রিফকেস কি কেবলই শক্তি প্রদর্শনের প্রতীক, নাকি এর মাধ্যমে রাষ্ট্রনেতারা সত্যিই যে কোনও মুহূর্তে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন?

Image

পারমাণবিক ব্রিফকেস। ছবি: আল-জাজিরা

পারমাণবিক ব্রিফকেস কী?

এটি বিশেষভাবে তৈরি এমন এক ব্রিফকেস, যা সরাসরি সামরিক বাহিনীর কমান্ড সিস্টেমের সাথে যুক্ত থাকে। এর মাধ্যমে একজন প্রেসিডেন্ট পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন।

স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) এই ব্যবস্থা গড়ে ওঠে। সে সময় দুই পরাশক্তির নেতাদেরই যে কোনও মুহূর্তে খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

তবে ব্রিফকেসের ভেতরে থাকা লাল বোতামে আঙুল চেপে ধরলেই বোমা নিক্ষেপ হয়ে যাবে বলে যে প্রচলিত ধারণা রয়েছে, বাস্তবতা তার চেয়ে ভিন্ন। মূলত প্রেসিডেন্টের দেওয়া সেই নির্দেশ কার্যকর করতে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং আরও বড় ও জটিল যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়।”

যুক্তরাষ্ট্রের 'ফুটবল' আর রাশিয়ার 'চেগেট'-এর পার্থক্য কোথায়?

যুক্তরাষ্ট্রের বিশেষ ব্যাগ বা ‘নিউক্লিয়ার ফুটবল’-এর ইতিহাস বেশ পুরোনো। ১৯৬২ সালের সেই বিখ্যাত ‘কিউবান ক্ষেপণাস্ত্র সংকট’-এরও আগে এর উৎপত্তি। ইতিহাসবিদদের মতে, প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের আমলেই প্রথম এই ব্যবস্থা চালু হয়।

পরে প্রকাশ্যে আসা একটি গোপন নথি থেকে জানা যায়, ১৯৬১ সালের জানুয়ারিতে জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন আইজেনহাওয়ার তাকে এই বিশেষ যন্ত্রটির কাজ বুঝিয়ে দিয়েছিলেন।”

এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার পকেটে বা মানিব্যাগে সবসময় একটি বিশেষ কার্ডও বহন করেন, যার মজার একটি নাম আছে—‘বিস্কুট’। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় তিনিই যে আসল প্রেসিডেন্ট, তা প্রমাণ করার গোপন কোডগুলো এই কার্ডেই থাকে।

আর কেবল তাই নয়, কোনও দুর্ঘটনা বা জরুরি অবস্থায় ভাইস প্রেসিডেন্টকে যদি হঠাৎ দেশের দায়িত্ব নিতে হয়, সেজন্য তার কাছেও আলাদা একটি ‘ব্যাকআপ ফুটবল’ এবং পরিচয় নিশ্চিত করার জন্য গোপন কোড সবসময় প্রস্তুত রাখা হয়।

অন্যদিকে, রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস ‘চেগেট’-এর নাম রাখা হয়েছে ককেশাস অঞ্চলের একটি পাহাড়ের নাম থেকে। ১৯৮৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এটি প্রথম ব্যবহার শুরু হয়। তখন থেকেই নিয়ম হয়ে গেছে- নৌবাহিনীর একজন কর্মকর্তা ছায়ার মতো প্রেসিডেন্টের সঙ্গে থেকে এই ব্যাগ বহন করবেন।

মজার বিষয় হল, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন যে ব্রিফকেসটি ব্যবহার করতেন, ২০১৫ সালে ইয়েকাতেরিনবার্গ শহরের ‘ইয়েলৎসিন সেন্টারে’ সেটি সাধারণ মানুষের দেখার জন্য প্রদর্শনীতে রাখা হয়েছিল।

বর্তমান যুগের ‘চেগেট’ ব্রিফকেসটি প্রেসিডেন্টকে সরাসরি রুশ সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সাথে যুক্ত রাখে। এর মাধ্যমে প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠাতে পারেন ঠিকই, কিন্তু এই ব্রিফকেস থেকে সরাসরি কোনো বোমা ছোড়া সম্ভব নয়।

গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার কাছে আসলে এমন তিনটি ব্রিফকেস আছে। এর একটি থাকে প্রেসিডেন্টের কাছে, দ্বিতীয়টি প্রতিরক্ষামন্ত্রীর কাছে এবং তৃতীয়টি থাকে সামরিক বাহিনীর ‘চিফ অব দ্য জেনারেল স্টাফ’ (সশস্ত্র বাহিনীর প্রধান)-এর কাছে।

রাশিয়ার পারমাণবিক নীতিমালা অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র প্রেসিডেন্টই নিতে পারেন। এই ‘চেগেট’ ব্রিফকেসটি মূলত ‘কাজবেক’ নামের একটি বিশেষ সামরিক নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, যা ‘কাভকাজ’ নামের আরেকটি গোপন যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখে।

তবে প্রেসিডেন্টের দেওয়া পারমাণবিক হামলার নির্দেশটি চূড়ান্তভাবে অনুমোদন বা নিশ্চিত করতে ঠিক কয়টি ব্রিফকেসের সংকেত প্রয়োজন হয়, তা নিয়ে প্রকাশ্য তথ্যগুলোতে ভিন্নমত রয়েছে।”

Image

ওয়াশিংটনের হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফেরার পথে পারমাণবিক অস্ত্রের গোপন কোডবাহী ‘নিউক্লিয়ার ফুটবল’ হাতে হাঁটছেন এক সামরিক সহকারী। ছবি: রয়টার্স

নেতারা ব্রিফকেসগুলো সঙ্গে নিয়ে ভ্রমণ করেন কেন?

বিষয়টি হচ্ছে, শত্রুপক্ষ কখনও সময় বলে কয়ে হামলা করবে না। প্রেসিডেন্ট যখন আকাশে উড়োজাহাজে রয়েছেন, বিদেশের কোনও সম্মেলনে ব্যস্ত আছেন কিংবা হোটেলের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন- ঠিক সেই মুহূর্তেও পারমাণবিক হামলা শুরু হয়ে যেতে পারে।

আর ঠিক এখানেই গুরুত্ব বহন করে এই ব্রিফকেসগুলো। প্রেসিডেন্ট বা রাষ্ট্রের প্রধান বিশ্বের যেখানেই থাকুন না কেন, এই ব্যাগ সঙ্গে থাকলে তিনি যে কোনও মুহূর্তে হামলা বা পাল্টা হামলার নির্দেশ দিতে পারেন।

সামরিক ভাষায় একে বলা হয় ‘ডেটারেন্স’ বা প্রতিরোধ কৌশল। সহজ কথায়, শত্রু দেশ যদি জানে যে, হামলা করলেও অপর পক্ষের নেতা সঙ্গে সঙ্গেই পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে জবাব দেওয়ার ক্ষমতা রাখেন, তবে সেই ভয়েই তারা আর আক্রমণ করার সাহস পাবে না।

বিখ্যাত অর্থনীতিবিদ ও সমরকৌশলবিদ টমাস শেলিং ১৯৬৬ সালে তার ‘আর্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইয়ে ঠিক এই কথাটিই বলেছিলেন, “আঘাত করার ক্ষমতাই হলো দর-কষাকষির আসল শক্তি।” পুতিনের পেছনে দেখা যাওয়া ওই কালো ব্রিফকেসটি যেন বিশ্বরাজনীতিতে সেই নীরব শক্তিরই এক জীবন্ত প্রতীক।

তবে এমন দৃশ্য যে এবারই প্রথম দেখা গেছে, তা নয়। ২০২৩ সালে পুতিন যখন চীনের রাজধানী বেইজিং সফরে গিয়েছিলেন, তখনও রুশ সংবাদমাধ্যমগুলোতে নৌ-কর্মকর্তাদের হাতে এই ব্রিফকেস দেখা গিয়েছিল।

আসলে, বিশ্বনেতাদের বড় কোনও সম্মেলনে ‘চেগেট’-এর এই উপস্থিতি কেবল নিরাপত্তার অংশ নয়, বরং এক ধরনের নীরব বার্তাও বটে। শেনঝেনের এই ভিডিও ফুটেজ বিশ্বকে যেন আবারও জোরালোভাবে মনে করিয়ে দিল যে, রাশিয়ার হাতে বিশাল পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে।

তবে বিশ্লেষকদের চোখে এই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে আরও গভীর এক রাজনীতি। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, “ক্রেমলিন-সমর্থিত টিভি চ্যানেলগুলো যে এই দৃশ্যটি ফলাও করে দেখিয়েছে, তা অনেক কিছুই স্পষ্ট করে দেয়।

“এটি আসলে নিছকই একটি রাজনৈতিক নাটক এবং এমন এক নেতার প্রতীকী শক্তি প্রদর্শন- যিনি নিজেও জানেন যে, বিশ্বরাজনীতিতে তার দেশের অবস্থান এখন আর আগের মতো শক্তিশালী নেই।”

সাইমন ম্যাবনের মতে, যুক্তরাষ্ট্র কিংবা চীনের তুলনায় রাশিয়ার এখন আর সেই পুরোনো সামরিক বা অর্থনৈতিক শক্তি অবশিষ্ট নেই। তাই বিশ্বরাজনীতি ও ক্ষমতার সেই বড় আসরে রাশিয়ারও যে জায়গা রয়েছে, তা লোকদেখানোভাবে প্রমাণ করার এটি একটি চেষ্টা মাত্র।”

অন্য দেশগুলোর কি পারমাণবিক ব্রিফকেস আছে?

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (সিপরি)-এর হিসাব অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৯টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে এদের মধ্যে কেবল যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস সম্পর্কেই বিশ্ববাসী সবচেয়ে বেশি জানে

বাকি দেশগুলোর সরকার কে পারমাণবিক হামলার চূড়ান্ত আদেশ দিতে পারবেন- সে নিয়মকানুন অনেকাংশে প্রকাশ করলেও, তাদের নেতাদের সঙ্গে ভ্রমণের সময় ঠিক কী ধরনের গোপন যন্ত্র বা ব্রিফকেস থাকে, তা আজও গোপন রাখা রয়েছে।

যেমন ধরা যাক যুক্তরাজ্যের কথা। ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব কমন্স লাইব্রেরি’-র তথ্যমতে, যুক্তরাজ্যে একমাত্র প্রধানমন্ত্রীই পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত আদেশ দিতে পারেন।

তবে সেখানে ব্রিফকেসের চেয়েও অদ্ভুত এক নিয়ম চালু আছে। যুক্তরাজ্যে প্রত্যেক নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই নিজ হাতে চারটি গোপন চিঠি লেখেন, যার নাম—‘লেটারস অব লাস্ট রিসোর্ট’ বা ‘সর্বশেষ উপায়ের চিঠি’। পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী চারটি সাবমেরিনের কমান্ডারদের কাছে একটি করে এই চিঠি সিলগালা অবস্থায় পাঠানো হয়।

যদি কখনও ভয়াবহ পারমাণবিক হামলায় ব্রিটিশ সরকার পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের কোনও উপায় না থাকে- তাহলে সেই চরম মুহূর্তে সাবমেরিন কমান্ডাররা কী করবেন (পাল্টা হামলা চালাবেন নাকি আত্মসমর্পণ করবেন), সেই গোপন নির্দেশনাই লেখা থাকে প্রধানমন্ত্রীর লেখা ওই চিঠিতে।

অন্যদিকে, ফ্রান্সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত ক্ষমতা থাকে একমাত্র প্রেসিডেন্টের হাতেই। ফরাসি সংবাদপত্র ‘ল্য মঁদ’ -এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১২ সালে নিকোলাস সারকোজি যখন প্রেসিডেন্টের পদ ছেড়ে বিদায় নেন, তখন তিনি রীতি অনুযায়ী গোপনে নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের হাতে দেশের পারমাণবিক অস্ত্রের গোপন কোডগুলো তুলে দিয়েছিলেন।

চীনের নীতিমালা আবার বেশ ভিন্ন। চীন বরাবরই ‘নো ফার্স্ট ইউজ’ বা ‘আগে ব্যবহার নয়’ নীতি মেনে চলে। অর্থাৎ, দেশটি কখনোই নিজ থেকে কোনও দেশের ওপর প্রথম পারমাণবিক হামলা চালাবে না; বরং শত্রুপক্ষ পারমাণবিক হামলা চালালে কেবল তার পাল্টা জবাব দিতেই তারা এই অস্ত্র ব্যবহার করবে।

তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশ সফরকালে বা ভ্রমণের সময় পুতিন কিংবা মার্কিন প্রেসিডেন্টের মতো আলাদা কোনও পারমাণবিক ব্রিফকেস সঙ্গে নিয়ে ঘোরেন কি না তা আজও অজানাই রয়ে গেছে।

ভারতের ক্ষেত্রেও বিষয়টি বেশ গোপনীয়। ভারত সরকারের দেওয়া তথ্যমতে, দেশটির প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা ‘নিউক্লিয়ার কমান্ড অথরিটি’র রাজনৈতিক পরিষদ (পলিটিক্যাল কাউন্সিল) কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিতে পারে।

তবে ভারতের প্রধানমন্ত্রীও ভ্রমণের সময় সঙ্গে কোনও বিশেষ পারমাণবিক ব্রিফকেস বা গোপন যন্ত্র রাখেন কি না, তা আজও অস্পষ্ট।

এছাড়া, পাকিস্তান ও উত্তর কোরিয়ার হাতেও রয়েছে পারমাণবিক অস্ত্র। আর ইসরায়েল প্রকাশ্যে স্বীকার না করলেও তলে তলে তাদের কাছেও যে পারমাণবিক অস্ত্র রয়েছে, তা বিশ্বজুড়েই ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।

তবে এই তিন দেশের শীর্ষ নেতারা ভ্রমণের সময় পুতিন কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো কোনো ‘পারমাণবিক ব্রিফকেস’ নিয়ে ঘোরেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনও তথ্য আজও জনসমক্ষে আসেনি।