১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে খুশি করতে মিষ্টি খাবার: অজান্তেই বাড়ছে শারীরিক ও মানসিক ঝুঁকি

শৈশবে অতিরিক্ত চিনি খেলে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, দাঁতের ক্ষয় এবং ভবিষ্যতে উদ্বেগ ও বিষণ্ণতার ঝুঁকি বাড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 02:03 PM

Updated : 16 Nov 2026, 02:03 PM

শিশু কান্না থামাতে হাতে চকলেট, ভালো ফল করলে পুরস্কার হিসেবে আইসক্রিম, আর স্কুল থেকে ফিরলে কোমল পানীয়- অনেক পরিবারেই এমন অভ্যাস দেখা যায়।

শিশুকে খুশি করতে বা আদর করে অভিভাবকেরা প্রায়ই এসব খাবার তুলে দেন।

এছাড়া জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান বা বেড়াতে গেলেও শিশুদের সামনে থাকে মিষ্টি, কেক, বিস্কুট ও নানান ধরনের মিষ্টিজাতীয় খাবার।

মাঝেমধ্যে এসব খাবার খাওয়া বড় কোনও সমস্যা না হলেও, প্রতিদিনের খাদ্যাভ্যাসে বাড়তি চিনির পরিমাণ বেড়ে গেলে, শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে।

চিকিৎসাবিজ্ঞান বলছে, শিশুর অতিরিক্ত চিনি খাওয়ার প্রভাব কেবল দাঁতের ক্ষয় বা ওজন বেড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শৈশবে অতিরিক্ত চিনি গ্রহণের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যারও গভীর সম্পর্ক রয়েছে।

শৈশবের চিনি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক
২০২৬ সালের জুলাই মাসে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘জেনারেল সাইকিয়াট্রি’-তে প্রকাশিত এক গবেষণায় যুক্তরাজ্যের ‘ইউকে বায়োব্যাংক’-এর ৬৬ হাজার ২২৩ জনের তথ্য বিশ্লেষণ করা হয়।

চীনের গুয়াংজুতে অবস্থিত ‘সান ইয়াত-সেন ইউনিভার্সিটি’র ‘স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজি’ বিভাগের গবেষক শিউপিং দোউ, ইয়াং সু, অধ্যাপক হুয়ালিয়াং লিন এবং সহযোগী অধ্যাপক ইয়িন ইয়াংসহ একদল গবেষক এই পর্যবেক্ষণমূলক গবেষণা পরিচালনা করেন।

গবেষকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে চালু থাকা চিনির রেশনিং ব্যবস্থাকে কাজে লাগান, যা ১৯৫৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল। ফলে যারা শৈশবে চিনির সীমিত প্রাপ্যতার মধ্যে বড় হয়েছেন, তাদের সঙ্গে পরবর্তী সময়ে তুলনামূলক বেশি চিনি গ্রহণের সুযোগ পাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যের তথ্য তুলনা করা সম্ভব হয়।

গবেষণায় দেখা গেছে, শৈশবে তুলনামূলক কম চিনি গ্রহণের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগজনিত সমস্যার ঝুঁকি প্রায় ১৭ শতাংশ এবং বিষণ্ণতার ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কম থাকার সম্পর্ক রয়েছে।

গবেষকদের মতে, জীবনের প্রথম দিকের খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে মায়ের গর্ভাবস্থা থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত সময়টি (প্রথম ১,০০০ দিন) মস্তিস্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে শিশুর পুষ্টি ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থাকা আবশ্যক।

শিশুদের অতিরিক্ত চিনি খাওয়ার ৪টি প্রধান ক্ষতি

শিশুদের প্রতিদিনের খাবারে অতিরিক্ত চিনি থাকলে নিচের স্বাস্থ্যঝুঁকিগুলো তৈরি হতে পারে।

ওজন বৃদ্ধি ও স্থূলতা: কোমল পানীয়, প্যাকেটজাত জুস, মিষ্টি, কেক ও বিস্কুটে থাকা বাড়তি চিনি শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে। নিয়মিত এসব খাবার খেলে শিশুর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।

ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তার সঙ্গে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন এসব অভ্যাস চলতে থাকলে ভবিষ্যতে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

দাঁতের ক্ষয়: চিনি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যাসিড তৈরিতে সহায়তা করে। এই অ্যাসিড দাঁতের সুরক্ষামূলক আবরণ বা এনামেল ক্ষয় করে গর্ত (ক্যাভিটি) তৈরি করে। বিশেষ করে ঘন ঘন মিষ্টি খাবার খেলে দাঁতের ক্ষতির ঝুঁকি অনেক বাড়ে।

পুষ্টির ঘাটতি: শিশু যদি দুধ, ডিম, মাছ, ডাল, শাকসবজি ও তাজা ফলের পরিবর্তে মিষ্টি খাবার বেশি খায়, তবে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়। এতে শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

শিশুর খাবারে চিনি কমানোর বৈজ্ঞানিক উপায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, শিশু ও প্রাপ্তবয়স্কদের খাবারে যুক্ত চিনির পরিমাণ দৈনিক মোট শক্তির ১০ শতাংশের নিচে রাখা উচিত এবং আরও ভালো সুফলের জন্য তা ৫ শতাংশের নিচে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া দুই বছরের কম বয়সি শিশুকে কোনওভাবেই বাড়তি চিনি দেওয়া উচিত নয়।

  • শিশুকে প্রতিদিন কোমল পানীয়, প্যাকেটজাত জুস বা চিনিযুক্ত পানীয় দেওয়ার অভ্যাস সম্পূর্ণ বাদ দিতে হবে এবং তৃষ্ণা মেটাতে সাধারণ বিশুদ্ধ পানি দিতে হবে।

  • দুধে অতিরিক্ত চিনি বা মিষ্টি চকলেটের গুঁড়া মেশানোর অভ্যাস কমাতে হবে।

  • চকলেট, ক্যান্ডি, লজেন্স, কেক ও বিস্কুটকে প্রতিদিনের নিয়মিত খাবার হিসেবে দেওয়া যাবে না।

  • মিষ্টি খাবারের পরিবর্তে পেয়ারা, কলা, পেঁপে, কমলা বা অন্যান্য মৌসুমি ফল দিতে হবে এবং ফলের রসের চেয়ে আস্ত ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে।

  • প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, মাছ, ডাল, দুধ, শাকসবজি ও অন্যান্য সুষম পুষ্টিকর খাবার রাখতে হবে।

  • শিশুকে পুরস্কার দিতে সবসময় চকলেট বা আইসক্রিমের প্রয়োজন নেই। বরং গল্পের বই, শিক্ষামূলক খেলনা বা পরিবারের সঙ্গে খেলাধুলার সুযোগও হতে পারে আনন্দের দারুণ উপহার।

শিশুর খাদ্যাভ্যাস গড়ে ওঠে পরিবার থেকেই। তাই ছোটবেলা থেকে অতিরিক্ত মিষ্টি খাবারের প্রতি নির্ভরতা তৈরি না করে সুষম ও বৈচিত্র্যময় খাবারের অভ্যাস গড়ে তুললে শিশুর শারীরিক বৃদ্ধি, দাঁতের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা সম্ভব।

লেখক: পুষ্টিবিদ লিনা আকতার। রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর।

পুরনো খবর:

শিশুর মানসিক উন্নতিতে যা করণীয়
সন্তানকে স্থূল বানিয়ে ফেলছেন না তো?
করোনাভাইরাস: শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন