২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি খাবারে শিশুর অপুষ্টি দূর

পরিচিত দেশীয় খাবারের সঠিক সমন্বয়েই শিশুর অপুষ্টি দূর করা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 05:23 PM

Updated : 23 Nov 2026, 05:23 PM

শিশুর বয়স বাড়ছে কিন্তু ওজন বাড়ছে না, খেতে অনীহা, শরীর ক্রমেই শুকিয়ে যাওয়া বা ঘন ঘন অসুস্থ হয়ে পড়া- এমন লক্ষণ দেখলে অভিভাবকের দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক।

অনেকে শিশুকে জোর করে বেশি খাবার খাওয়ানোর চেষ্টা করেন, আবার কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিন বা পুষ্টির সাপ্লিমেন্ট দিতে শুরু করেন।

অথচ শিশুর অপুষ্টির পেছনে কেবল খাবারের পরিমাণ কম থাকা দায়ী নয়; বরং খাবারে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, বারবার সংক্রমণ, হজমের সমস্যা এবং ভুল খাদ্যাভ্যাসও এর মূল কারণ হতে পারে।

শিশুর জীবনের প্রথম দুই বছর শারীরিক ও মস্তিস্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে পর্যাপ্ত পুষ্টি না পেলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা এবং শেখার দক্ষতা ব্যাহত হয়।

তাই শিশুর অপুষ্টি প্রতিরোধে কেবল পেট ভরানোর দিকে নজর না দিয়ে, খাবারের পুষ্টি-বৈচিত্র্য নিশ্চিত করা জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, ছয় মাস বয়স থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার শুরু করতে হয় এবং দুই বছর বা তার বেশি বয়স পর্যন্ত বুকের দুধের সঙ্গে বয়স উপযোগী খাবার চালিয়ে যেতে হবে।

শিশুর অপুষ্টি কেন হয়?

শিশুর অপুষ্টির পেছনে সাধারণত চারটি কারণ কাজ করে।

ভুল খাদ্যাভ্যাস: ছয় মাস পূর্ণ হওয়ার পরও পরিপূরক খাবার শুরু না করা, খাবারে বৈচিত্র্য না রাখা এবং বয়স অনুযায়ী খাবারের ঘনত্ব ও পরিমাণ ঠিক না থাকা।

বারবার অসুস্থ হওয়া: ডায়রিয়া, নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণে শিশুর ক্ষুধা কমে যায় এবং ডায়রিয়ার ফলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় পুষ্টি বেরিয়ে গিয়ে অপুষ্টি তৈরি হয়।

জন্মগত ও শারীরিক জটিলতা: অপরিণত বা কম ওজন নিয়ে জন্ম, জন্মগত হৃদরোগ বা ঠোঁট ও তালু কাটা থাকলে শিশুর খাবার গ্রহণ ও পুষ্টি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়।

আর্থসামাজিক কারণ: পরিবারের খাদ্যসংকট, নিরাপদ খাবারের অভাব এবং পুষ্টিবিষয়ক সচেতনতার ঘাটতি।

শিশুর পুষ্টির অভাব বোঝার উপায়

শিশুর ওজন কিছুটা কম মনে হলেই তাকে অপুষ্টিতে আক্রান্ত বলা যায় না; বরং বয়স অনুযায়ী ওজন, উচ্চতা এবং উচ্চতার তুলনায় ওজন বিচার করে পুষ্টিগত অবস্থা নির্ধারণ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুদের অপুষ্টিকে চারটি প্রধান ভাগে চিহ্নিত করেছে।

খর্বকায়তা: দীর্ঘদিনের পুষ্টির ঘাটতি ও বারবার সংক্রমণের কারণে বয়সের তুলনায় উচ্চতা কম হওয়া।

কৃশকায়তা: সাম্প্রতিক পুষ্টির ঘাটতি বা অসুস্থতার কারণে উচ্চতার তুলনায় ওজন কমে যাওয়া।

কম ওজন: বয়সের তুলনায় স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়া।

অণু-পুষ্টির ঘাটতি: শরীরে আয়রন, জিংক, ভিটামিন ‘এ’ ও ভিটামিন ‘ডি’সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের অভাব।

অপুষ্টি দূর করতে পাতে রাখুন দেশীয় যেসব খাবার

দামি বিদেশি খাবারের বদলে প্রতিদিনের পরিচিত দেশীয় খাবারের সঠিক সমন্বয়েই শিশুর সব পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব।

শিশুর বয়স ও চিবানোর সক্ষমতা অনুযায়ী খাবারের ঘনত্ব ঠিক করে নিচের খাবারগুলো খাদ্যতালিকায় রাখা যায়।

ঘন খিচুড়ি ও ভাত: ভাতের সঙ্গে মসুর বা মুগডাল, ডিম, মাছ, মুরগির মাংস এবং মিষ্টিকুমড়া, গাজর বা লাউ মিশিয়ে রান্না করলে পুষ্টিমান বহুগুণ বাড়ে। পাতলা খিচুড়ির পরিবর্তে ঘন ও পুষ্টিসমৃদ্ধ খিচুড়ি দেওয়া উত্তম।

ডিম: উন্নতমানের আমিষ, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ‘বি১২’ এবং কোলিনের চমৎকার উৎস হল ডিম, যা শিশুর পেশি ও মস্তিস্কের বিকাশে সহায়তা করে।

দেশি মাছ ও মুরগির মাংস: রুই, কাতলা, তেলাপিয়া, পুঁটি, মলা, ঢেলা ও টেংরা মাছে প্রচুর আমিষ, আয়রন ও জিংক রয়েছে। ছোট মাছ কাঁটাসহ ভালোভাবে রান্না করে বেটে বা মিহি করে দিলে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। বড় মাছের কাঁটা বেছে এবং মুরগির মাংস ভালোভাবে সেদ্ধ করে নরম করে খাওয়াতে হবে।

ডাল ও ছোলা: মসুর, মুগ, মাষকলাই ও সেদ্ধ ছোলা মিহি করে ভাত বা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলে উদ্ভিজ্জ আমিষ, আয়রন ও জিংক পাওয়া যায়।

দুধ ও দই: হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম ও ভিটামিন বি১২ জরুরি। এক বছর বয়সের আগে গরুর দুধকে প্রধান পানীয় হিসেবে না দিয়ে মায়ের দুধই খাওয়াতে হবে; এক বছর পূর্ণ হলে বয়স অনুযায়ী দুধ ও দই দেওয়া যাবে।

আলু ও মিষ্টিকুমড়া: আলু শক্তির জোগান দেয় এবং মিষ্টিকুমড়ায় থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

দেশীয় শাকসবজি: লালশাক, পালংশাক, পুঁইশাক, কলমিশাক, লাউ, গাজর ও বরবটি ভালোভাবে সেদ্ধ করে মিহি করে খাওয়ালে শরীরে আয়রন, ফোলেট ও খনিজের চাহিদা পূরণ হয়।

মৌসুমি দেশীয় ফল: ফলের রসের বদলে পাকা কলা, পেঁপে, পেয়ারা, আম ও কাঁঠাল চটকে বা ছোট টুকরো করে দিতে হবে। পেয়ারা ও আমলকীতে থাকা ভিটামিন ‘সি’ উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে।

অপুষ্টি প্রতিরোধে জরুরি সতর্কতা

শিশুর খাবারে শুধু ভাত, আলু বা সুজি রাখলে সব পুষ্টি মেলে না। এছাড়া অতিরিক্ত লবণ, চিনি ও প্যাকেটজাত খাবার বর্জন করতে হবে এবং এক বছরের কম বয়সি শিশুকে কোনওভাবেই মধু দেওয়া যাবে না।

বাদাম বা শক্ত খাবার আস্ত দিলে শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বাদাম গুঁড়া বা মসৃণ পেস্ট করে খাবারে মেশাতে হবে।

শিশু অসুস্থ হলে বুকের দুধ বন্ধ না করে বারবার খাওয়াতে হবে এবং খাবার তৈরির আগে হাত ধোয়া ও বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করতে হবে।

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক?

কয়েক মাস ধরে শিশুর ওজন না বাড়লে, খাবারে দীর্ঘদিন অনীহা থাকলে বা বারবার ডায়রিয়া হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশেষ করে শিশুর শরীর অতিরিক্ত শুকিয়ে গেলে, দুই পা ফুলে গেলে বা আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে থাকলে বা শিশু অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে।

মনে রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে নিজে থেকে কোনও ভিটামিন বা খনিজের সাপ্লিমেন্ট দেওয়া যাবে না।

লেখক: পুষ্টিবিদ লিনা আকতার। রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর।

পুরনো খবর:

শিশুকে খুশি করতে মিষ্টি খাবার: অজান্তেই বাড়ছে শারীরিক ও মানসিক ঝুঁকি
অতি চঞ্চল শিশুদের যা খাওয়ানো উচিত
শিশুর মানসিক উন্নতিতে যা করণীয়