২৫৩ দিন পর হামে মৃত্যুশূন্য দিন
সবচেয়ে বেশি ১৭ জনের প্রাণহানি হয়েছে গত ২৫ মে।
দেশে গত এক দিনে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে কেউ মারা যায়নি বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৫ মার্চ থেকে শুরু হয়ে প্রায় আট মাস অর্থাৎ ২৫৩ দিনের পর গেল ২৪ ঘণ্টায় কারো প্রাণহানি হয়নি।
এর আগে ২৫৩তম দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে ওই দিন পর্যন্ত গড়ে ৫ দশমিক ৩৪ শতাংশ জন করে প্রতিদিন মারা গেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ১৭ জনের প্রাণহানি হয়েছে গত ২৫ মে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টার পর থেকে ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গে কেউ মারা যায়নি। তবে আক্রান্ত হয়েছে ১৩২১ জন। হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে।
তার আগে শনিবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। ওই দিন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হল।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৫২২ জন, চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৭৫, বরিশালে ৯৫, খুলনায় ৯৩, ময়মনসিংহে ৭৬, রংপুরে ২২ ও রাজশাহীতে ৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২২ হাজার ১৯ জন।
হাম উপসর্গের রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন। যার মধ্যে ২৬ হাজার ২৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
