হাম: উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩
হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৮ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২১৩ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই জন, চট্টগ্রাম বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৪, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪০৫ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৫১৮ জন, চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৭৯, বরিশালে ১৭২, খুলনায় ১২৮, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩৫ ও রাজশাহীতে ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। যার মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
