২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলমান থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 06:13 PM

Updated : 23 Nov 2026, 06:13 PM

বই পড়াকে উৎসাহিত করতে ময়মনসিংহে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

মেলায় আটটি সরকারি প্রতিষ্ঠান ও ৬৫টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।

সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও মেলা আয়োজক কমিটির সদস্যসচিব জন কেনেডি জাম্বিল সংবাদ সম্মেলনে মেলার সার্বিক বিষয় তুলে ধরেন।

নগরীর টাউন হল প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলা চলবে ২ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে জন কেনেডি জাম্বিল বলেন, “বইমেলা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধ তৈরি করে, যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।”

মেলার উদ্বোধনে অতিথি থাকবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলমান থাকবে।

এ ছাড়া বই মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভিন্ন ভিন্ন দিনে চার জেলার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এর মধ্যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কচিকাঁচার উৎসব, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বির্তক প্রতিযোগিতা এবং স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ হাসান, সিনিয়র সহকারী কমিশনার আব্দুল হেলিম, জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক মো. এনামুল হক।