২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তির রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত সিমেওনে

সবশেষ ম্যাচে দাপুটে জয়ের মধ্য দিয়ে অসাধারণ রেকর্ডটি গড়েন এই আর্জেন্টাইন কোচ।

কিংবদন্তির রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত সিমেওনে

দিয়েগো সিমেওনে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 06:10 PM

Updated : 23 Nov 2026, 06:10 PM

গেতাফের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ৩-০ গোলের জয়টা অন্য আর দশটা ম্যাচের মতো হলেও, দিয়েগো সিমেওনের জন্য তা নয়। এই জয় দিয়েই আতলেতিকোর কোচ হিসেবে আরেকটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছেন তিনি, গড়েছেন নতুন রেকর্ড।

প্রতিপক্ষের মাঠে রোববার আতলেতিকোর এই সাফল্য লা লিগায় সিমেওনের ৩৪৫তম জয়, ৫৬৭ ম্যাচে। স্পেনের শীর্ষ লিগে কোচ হিসেবে সবচেয়ে বেশি জয়ের তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন লুইস আরাগোনেসকে।

আতলেতিকোয় প্রথমে খেলোয়াড় হিসেবে অসাধারণ সব কীর্তি গড়া আরাগোনেস পরে ক্লাবটির কোচের দায়িত্ব পালন করেন, অনেক বছর। লা লিগার আরও কয়েকটি দলেও কোচিং করান তিনি। দীর্ঘ সেই কোচিং ক্যারিয়ারে গড়েন ৩৪৪ জয়ের রেকর্ড, এজন্য তার অবশ্য ম্যাচ লেগেছিল ১৮৯টি বেশি।

পরে স্পেন জাতীয় দলকে ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো গ্রেট আরাগোনেসের রেকর্ড ভাঙতে পেরে গর্বিত সিমেওন।

“এটা আমাকে আনন্দ দিচ্ছে।

“খুশি হওয়ার মতো খুব বেশি কিছু আমি পাই না, কিন্তু এই অর্জনের পেছনে অবিশ্বাস্য মাত্রার পরিশ্রম লুকিয়ে আছে।”

২০১১ সাল থেকে আতলেতিকো দায়িত্বে আছেন সিমেওনে। দেড় দশকের এই অধ্যায়ে দলটিকে দুটি করে লা লিগা ও ইউরোপা লিগ ছাড়াও আরও কয়েকটি শিরোপা জিতিয়েছেন এই আর্জেন্টাইন।

এবারের লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।