০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সান্তোসের নতুন প্রধান নির্বাহী নেইমারের বাবা

আপাতত আগামী ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে কাজ করবেন নেইমার সিনিয়র।

সান্তোসের নতুন প্রধান নির্বাহী নেইমারের বাবা

ছেলে নেইমারের সঙ্গে কথা বলছেন নেইমার সিনিয়র (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 03:51 PM

Updated : 07 Nov 2026, 03:51 PM

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের বাবাকে বড় দায়িত্ব দিয়েছে সান্তোস। নেইমার সিনিয়রকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিলের ক্লাবটি।

ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমারের বাবা। তিনি প্রতিষ্ঠা করেছেন এনআর স্পোর্টস নামের এজেন্সি। সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবির স্বত্ব রয়েছে প্রতিষ্ঠানটির হাতে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের সভাপতি হিসেবে মার্সেলো তেইসেইরা পুনর্নির্বাচিত হলে এই পদে থেকে যাবেন তিনি।

ব্রাজিলিয়ান সেরি আ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে সান্তোস। ক্লাবের সার্বিক অবস্থার আরও উন্নতি করতে নেইমারের বাবাকে নিয়োগ দেওয়ার কথা বলেছেন সান্তোসের সভাপতি তেইসেইরা।

“সান্তোসের অবস্থার উন্নতি এবং ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিদিনই সমাধান ও বিকল্প খুঁজে চলেছি। নতুন প্রধান নির্বাহী হিসেবে নেইমার সিনিয়রের আগমন এই প্রক্রিয়ায় আরও একটি পদক্ষেপ।

“আমি আত্মবিশ্বাসী, তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারব এবং একসঙ্গে আরও শক্তিশালী একটি ক্লাব গড়ে তুলতে পারব।”

বার্সেলোনা ও পিএসজিতে খেলার পর ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা তিনি।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বছরের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন নেইমার। শেষ ষোলো থেকে সেলেসাওদের বিদায়ের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেন তিনি।