এইচএসিতে পাসের হার ১০ শতাংশের নিচে থাকা ২২ কলেজের অধ্যক্ষকে তলব
গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র নিয়ে তাদের বৃহস্পতিবার সকালে বোর্ডে হাজির হতে হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না পাওয়ায় ২২ কলেজের অধ্যক্ষকে তলব করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তলব করা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষায় কাম্য পর্যায়ে শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেনো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত সুষ্পষ্ট কারণ ব্যাখ্যা দেওয়াসহ আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে হাজির হতে হবে। প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে তাদের।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। পরীক্ষায় অংশ নেওয়া ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ। এই বোর্ডে ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী।
এর মধ্যে পাসের হার ৫ শতাংশের নিচে রয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে ১৯টি প্রতিষ্ঠান। শতভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে ১৯টি এবং শতভাগ পাস না করা প্রতিষ্ঠান ২৬টি।
এর আগে শতভাগ পাস না করা ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকেও শোকজ দিয়ে গত ১০ নভেম্বর কারণ দর্শানো ও বোর্ড সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল বোর্ড। তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা সে বিষয়ে বোর্ড কিছু জানায়নি।
