জমির বিরোধে বাড়ির গেইটে তালা, ১২ ঘণ্টা পর অবরুদ্ধ পরিবারকে উদ্ধার
লক্ষ্মীপুরে ভবনের নিচতলার প্রতিটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বালুর বস্তা ফেলা হয়।
লক্ষ্মীপুর শহরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির গেইটে তালা লাগিয়ে ও বালুর বস্তা ফেলে একটি পরিবারের ১৩ জনকে অবরুদ্ধ করে রাখার ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
একইভাবে ভবনের নিচতলার প্রতিটি দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নতুন মহিলা কলেজ এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই সোহেল রানা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম আবির থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বাঞ্চানগর এলাকার জামাল হোসেন, তারেক হোসেন, রুবেল হোসেন তোফায়েল আহমেদ ও মো. মোহনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের সামনে প্রতিপক্ষের লোকজন বাড়ির গেইট ও দোকানের তালা খুলে দিলেও কাউকে আটক করা হয়নি। সেখানে অবরুদ্ধ ছিলেন নয় নারী, তিন শিশু ও একজন বৃদ্ধ।
অভিযোগ থেকে জানা গেছে, ৪৮ শতাংশ জমিতে ভবন নির্মাণ করে ভুক্তভোগী পরিবার বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে একটি পক্ষ ভবনটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। দখল করতে না পেরে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা বেগমদের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাতে মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে, বাসার গেইটে ও দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তালা ভাঙলে অথবা আইনি ব্যবস্থা নিলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানা হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী রহিমা বেগম, মুন্নীসহ কয়েকজন জানান, ১৫ থেকে ২০ জন এসে গেইট ও দোকানগুলোতে তালা লাগিয়ে দেন। এ ছাড়া গেইটে ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।
তবে প্রতিপক্ষ পরিবারের এক সদস্য বলেন, “আমার বাবার সম্পদ রহিমা বেগমরা দখল করে রেখেছেন। তাদের কাছে কোনো কাগজপত্র নেই। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা।”
উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এসআই সোহেল রানা।
