বেবিচকে ওভারটাইমে ‘অনিয়ম’, শনিবার ২১ ঘণ্টা কাজের হিসাব!
বিল ছাড়ে ১০ থেকে ২০ শতাংশ কমিশন দাবির অভিযোগও খতিয়ে দেখছে দুদক।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি ইউনিটে বছরজুড়ে প্রতি শনিবার ২১ ঘণ্টা করে কাজ দেখিয়ে ওভারটাইম বিল নেওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
কর্মস্থলে উপস্থিত না থেকেও ওভারটাইম বিল নেওয়া, হাজিরা খাতায় কাটাকাটি এবং প্রকৃত কর্মঘণ্টার চেয়ে বেশি সময় কাজ দেখিয়ে বিল নেওয়ার তথ্যও পেয়েছে দুদকের আভিযানিক দল।
বুধবার বেবিচকের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) প্রকল্পের সার্কেল-৩-এ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেন।
ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।
বেবিচক বলছে, দুদকের অভিযানে ওঠা অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রুবেল হোসেন বলেন, “২০২৬ সালের অক্টোবর মাসে শাহজাহান হোসেন নামে একজনের ওভারটাইম দেখানো হয়েছে ২০৯ ঘণ্টা। কিন্তু হাজিরা খাতার হিসাব অনুযায়ী তার কর্মঘণ্টা পাওয়া গেছে ১৬১ ঘণ্টা। অর্থাৎ ৪৮ ঘণ্টা বেশি দেখানো হয়েছে।”
কোনো কোনো দিন কর্মস্থলে উপস্থিত না থাকলেও ওই কর্মীদের মোট কর্মঘণ্টার হিসাবে তা যুক্ত করা হয়েছে বলে জানান দুদকের এ কর্মকর্তা।
২০২৫ সালের হাজিরা খাতা পর্যালোচনা করেও একই ধরনের অনিয়ম পেয়েছে দুদক। সেখানে কর্মঘণ্টা ১৪২ ও ১৪৫ ঘণ্টা থাকার পরও ২০৩ থেকে ৪০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম দেখানোর তথ্য পাওয়া গেছে।
২০২৪ সালের নথিতেও কর্মচারীদের ২০৯, ২৭৬ ও ৩০৫ ঘণ্টা ওভারটাইম দেখানোর তথ্য পেয়েছে আভিযানিক দল।
বছরজুড়ে প্রতি শনিবার ২১ ঘণ্টা করে কাজ দেখানোর তথ্য তুলে ধরে রুবেল হোসেন বলেন, “আমি জানি না কোন অফিসে শনিবারে ২১ ঘণ্টা কাজ হয়!”
অভিযান চলার সময়ও একজনকে ওভারটাইমের তথ্য পূরণ করতে দেখেছেন বলে জানান তিনি।
কোন কর্মচারী কত ঘণ্টা ওভারটাইম করবেন, সে বিষয়ে কোনো অফিস আদেশ বা অনুমোদনের নথি অভিযানের সময় পায়নি দুদক।
দুদক কর্মকর্তা রুবেল হোসেন বলেন, “অফিস প্রধান মানে ইউনিট প্রধানের সাথে কথা হলো, উনি নিজেই জানেন না কে কত ঘণ্টা ওভারটাইম করতেছে। কোনো অফিস আদেশ নাই।”
তিনি জানান, ওভারটাইমের হিসাব রাখা হয় হাতে লেখা হাজিরা খাতায়। সেখানে বিভিন্ন জায়গায় কাটাকাটি ও তথ্য পরিবর্তনের চিহ্ন পাওয়া গেছে। কোনো কোনো পাতায় সিল ও স্বাক্ষরও নেই।
যে ইউনিটে দুদক অভিযান চালিয়েছে, সেখানে বছরে ওভারটাইম বাবদ বরাদ্দ ৫ লাখ ১৫ হাজার টাকা। এ টাকা তিন থেকে চারজনের মধ্যে ভাগ করে দেওয়ার তথ্য পেয়েছে দুদক।
ওভারটাইমের হিসাব তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার গাফিলতি রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন রুবেল হোসেন। যথাযথ তদারকি করা হলে এসব অনিয়ম ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন তিনি।
কমিশন না দিলে বিল আটকে রাখার অভিযোগ
ঠিকাদাররা ১০ থেকে ২০ শতাংশ কমিশন না দিলে প্রকল্পের বিল আটকে রাখা হয় বলে দুদকের কাছে অভিযোগ এসেছে।
রুবেল হোসেন জানান, মূলত সংশ্লিষ্ট দপ্তরের হিসাব সহকারী ও হিসাবরক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে।
এ ছাড়া আলোকসজ্জার সরঞ্জাম, এক্স-রে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা ও মেরামতের নামে ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক।
এসব কেনাকাটার নথিপত্র চাওয়া হলেও অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দিতে পারেননি। নথি সরবরাহের জন্য তারা একদিন সময় চেয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা রুবেল হোসেন।
অভিযান শেষে দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে তাতে প্রাথমিকভাবে নানাবিধ অসংগতি দেখতে পায়।”
ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি এবং সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বজানানো হয়।
দুদক বলেছে, “সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।”
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউছার মাহমুদ সাংবাদিকদের বলেন, “যেসব অভিযোগ নিয়ে উনারা এসেছেন, যদি সেগুলো প্রমাণিত হয়, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
