২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়া থানায় ককটেল নিক্ষেপের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশের গুলি

চার নারী কর্মীর মুক্তির দাবিতে শম্ভুপুর গ্রাম থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:19 PM

Updated : 29 Nov 2026, 06:19 PM

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে এসে পাবনার বেড়া থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে পুলিশ।

রোববার ভোর ৪টার দিকে থানার সামনে এই সহিংসতার ঘটনা ঘটে বলে বেড়া মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান।

তিনি বলেন, “ভোররাতে একটি মশালমিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হয়। সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার শুরু আগের দিন শনিবার বিকালে। ওইদিন মহিলা আওয়ামী লীগের একদল কর্মী মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেছিলেন। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেপ্তার করে।

ওই চার নারী কর্মীর মুক্তির দাবিতে ভোর ৪টার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রাম থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ডাকবাংলো এলাকা হয়ে বেড়া মডেল থানার ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়।

মিছিলকারীরা পুলিশকে উদ্দেশ করে উসকানিমূলক স্লোগান দিতে থাকে এবং সকালের মধ্যে চারজনকে ছেড়ে দিতে বলে। একপর্যায়ে তারা থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল এবং শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা পিছু হটতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, থানা এলাকা থেকে সরে গিয়ে হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশে পুনরায় মশাল মিছিল বের করে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে।

এ সময় পাবনা-ঢাকা পথে চলাচলকারী ‘আলহামরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশি তৎপরতা বাড়লে তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বেড়া মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, থানায় হামলার ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “রাতে গ্রেপ্তার হওয়া চার নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এর আগে ১৯ থেকে ২১ নভেম্বর লকডাউন কর্মসূচি চলাকালেও বেড়া পৌর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। সে সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।