২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:15 PM

Updated : 29 Nov 2026, 12:15 PM

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে শ্রীপুর পৌরসভার ব্যস্ততম ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে কে বা কারা একটি ককটেল ছোড়ে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন।

অপরদিকে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর ওপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে মহাসড়কের ওপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই এলাকার ইয়াকুব আলী সুপার মার্কেটের ব্যবসায়ী ফয়সাল মিয়া বলেন, “উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ায় সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় সড়কে থাকা সবাই ছুটোছুটি শুরু করে।”

খবর পেয়ে মাওনা চৌরাস্তার ঘটনাস্থলে যান শ্রীপুর থানার এসআই আবুল বাশার ও মোশারফ হোসেন। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম।

তবে মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।