১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ককটেল ছোড়ার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা

সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 10:29 AM

Updated : 19 Nov 2026, 10:28 AM

ঢাকার সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করার অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস।

আটক শাহিন (৪০) হকার্স লীগের কর্মী বলে দাবি স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন। তখন স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে।

এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এসআই আশিস কুমার দাস বলেন, “ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।