সাতক্ষীরার শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ
মৃতদেহে পচন ধরায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেননি।
সাতক্ষীরার তালা উপজেলার শালিখা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তালা থানার ওসি আব্দুল আলীম।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বলেন, “নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে যাই।
“লাশটি দেখে মনে হচ্ছে, ত্রিশ থেকে বত্রিশ বছরের কোনো যুবকের হবে। তবে লাশে পচন ধরায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।”
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মণ্ডল বলেন, লাশের পরনে জিন্স প্যান্ট ও ইংরেজিতে টাইটানস লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে। লাশ পচে ফুলে যাওয়ায় চেনা যাচ্ছে না।
আব্দুল আলীম বলেন, লাশ উদ্ধারে ঘটনাস্থলে খেশরা ক্যাম্প পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
