ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, চাচাত ভাই আটক
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিনদিন আগে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, সোমবার রাতে পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের বড় পুকুর এলাকার পুকুরের ঝোপ থেকে লাশটি উদ্ধার করেন তারা।
নিহত ৩০ বছর বয়সী মো. আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে।
এ ঘটনায় আটক আজিমের চাচাত ভাই রফিকুল ইসলাম একই গ্রামের হাসেম মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার আগে রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে তার সবশেষ যোগাযোগ হয়।
এরপর সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনের রাস্তা থেকে দুর্গন্ধ আসে। এ সময় দুর্গন্ধের কারণ খোঁজাখুঁজি করে গিয়ে পুকুর পাড়ের ঝোঁপ থেকে আজিমের মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন বিজয়নগর থানায় খবর দেয়।
পরিদর্শক রাজীব চন্দ্র সরকার বলছেন, “এ ঘটনায় আটক রফিকুল ইসলাম প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
