গাইবান্ধায় ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার
এ ঘটনায় আব্দুর রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ঘর থেকে মা ও তার শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী আঁখি বেগম (৩৫) এবং তাদের তৃতীয় সন্তান পাঁচ বছর বয়সি ছেলে আদিল মিয়া। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম বলেন, বিকালে আঁখি বেগমের মেয়ে নানা বাড়ি থেকে ফিরে এসে ঘরে তার মা ও ছোট ভাইয়ের লাশ দেখতে পায়। তারপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে বুধবার সকালে পাঠানো হবে।”
