সিএমএম আদালতসহ রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, আটক ৬
সিএমএম আদালত প্রাঙ্গনসহ সোমবার তিন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাজধানী ঢাকায় গেল কয়েকদিন ধরে চলা বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা সোমবারও অব্যাহত রয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে হাতেনাতে ২ জনকে আটক করা হয়েছে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে তথ্য দিয়েছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
আটকরা হলেন- ফয়সাল ও সুকুমার হালদার। উপকমিশনার মাহমুদ সোহেল বলেন, “একটি বাইকসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি তাজা ককটেলও উদ্ধার করা হয়েছে।”
এ
র আগে সকালে বনশ্রী জি–ব্লকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেখান থেকে ২ জনকে আটক করা হয় বলে তথ্য দেন খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- শ্রাবন ও রবিন। ওসি সাইফুল বলেন, “আটক দুজনেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
একইদিন সকালে মহাখালীতেও হাতবোমা বিস্ফোরণের কথা জানিয়েছেন বনানী থানার ওসি মো. সালাউদ্দিন। তিনি বলেন, “বাইকে করে দুইজন এসে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা ছুঁড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।”
তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের খুঁজে পেতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে রোববার রাতে রূপনগর থানার সামনে ও দারুস সালামে ট্রাফিক জোনের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ২ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- রাজু আহমেদ ও আশরাফুল। তারা দুজনই ছাত্রলীগের সদস্য বলে দাবি পুলিশের।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয়েছে, রোববার রাত পৌনে ২টার দিকে রূপনগর থানার সামনে হাতবোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুলকে হাতেনাতে আটক করা হয়।
একইদিন রাত ১১টার দিকে দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাজুকে আটক করে ডিবি।
