৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন

‘বাংলাদেশে হেপাটাইটিস রোগ নির্ণয়ের অগ্রযাত্রা: বর্তমান চ্যালেঞ্জ থেকে পরবর্তী প্রজন্মের সমাধান’ প্রতিপাদ্যে এই সিএমই অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:57 AM

Updated : 30 Nov 2026, 12:57 AM

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাস শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠান হয়েছে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে রোববার মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবটের সহযোগিতায় এই সিএমই অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড হেলকেয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে হেপাটাইটিস রোগ নির্ণয়ের অগ্রযাত্রা: বর্তমান চ্যালেঞ্জ থেকে পরবর্তী প্রজন্মের সমাধান’ প্রতিপাদ্যে এই সিএমই অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের এমডি নিজামউদ্দিন হাসান রশীদ নির্ভরযোগ্য ডায়াগনস্টিক প্রযুক্তির সহজলভ্যতা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বৈজ্ঞানিক আলোচনা পর্বে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফা আকরাম বাংলাদেশের হেপাটাইটিস পরিস্থিতি ও রোগ নির্ণয়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

অ্যাবটের ডিস্ট্রিবিউশন অপারেশান্স ম্যানেজার চান্দ্রেশ মাদানী, অ্যাবটের ইনফেকশাস ডিসিজ ও ইমিউনোলজির অ্যাসোসিয়েট ডিরেক্টর পঙ্কজ বিশ্বকর্মা ও ডা. হুসাইন আলী রোগ নির্ণয়ের নির্ভুলতা, সমন্বিত স্ক্রিনিং এবং আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাবটের স্বয়ংক্রিয় রোগপ্রতিরোধী পরীক্ষা বিশ্লেষক যন্ত্র এবং এইচবিএসএজি নেক্সট ও অ্যান্টি-এইচসিভি নেক্সট পরীক্ষা পদ্ধতির পরিচিতি।

সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিসের সিইও শামসুদ্দিন জিয়া উন্নত প্রযুক্তি, কারিগরি সহযোগিতা ও পেশাগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের ডায়াগনস্টিক সক্ষমতা বৃদ্ধিতে মেডিপ্যাকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে দেশের স্থানীয় চাহিদার সঙ্গে সংযুক্ত করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মেডিপ্যাক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”