২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘৩০০ কোটি টাকা আত্মসাৎ’: আত্মগোপনে থাকা রনি ঢাকায় গ্রেপ্তার

তার বিরুদ্ধে ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে; যার মধ্যে তিনটি মামলায় সাজা হয়েছে।

নওগাঁয় ‘৩০০ কোটি টাকা আত্মসাৎ’: আত্মগোপনে থাকা রনি ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনি ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ নির্বাহী পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 08:46 PM

Updated : 24 Nov 2026, 08:46 PM

নওগাঁর পত্নীতলায় উপজেলায় ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে ঢাকার সাভার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনি উপজেলার অনন্তপুর গ্রামের মো. গয়েস উদ্দিনের ছেলে। তিনি পাটিচড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ নির্বাহী পরিচালক থেকে রনি দেড় হাজার গ্রাহকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন বলে ভাষ্য পুলিশের।

মঙ্গলবার পত্নীতলা থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, গোপন খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল সোমবার দিনব্যাপী সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। পরে মধ্যরাতে রনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে রনিকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রনির বিরুদ্ধে পত্নীতলা এবং নওগাঁ সদর থানায় ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে; যার মধ্যে তিনটি মামলায় সাজা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

রনিকে গ্রেপ্তারের খবরে পত্নীতলা এলাকার বেশ কিছু জনগণ উল্লাস প্রকাশ করেছেন বলে জানান তিনি।