২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এমন তারিখ ‘আসতে থাকবে, যেতে থাকবে’: এসআরবি-৪ অধিনায়ক

পল্লবী ও রূপনগর এলাকার ‘ফোর স্টার গ্রুপের’ ছয়জনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসে এসআরবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 08:44 PM

Updated : 24 Nov 2026, 08:44 PM

বিজয় দিবসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, এ ধরনের ঘোষণা ‘আসতে থাকবে, যেতে থাকবে’।

তিনি বলেন, “নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এ ধরনের কোনো ডেট নিয়া আসলে ভয় পাওয়ার কিছু নাই; দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নাই।”

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স।

মঙ্গলবার সকাল থেকে এ নিয়ে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় নানা আলোচনার মধ্যে দুপুরে ঢাকার কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসে এসআরবি-৪। সেখানে গত কয়েক দিনের নাশকতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাফিজুর রহমান বলেন, নাশকতা যারা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে, এটা চলমান থাকবে।

১৬ ডিসেম্বর প্রসঙ্গে তিনি বলেন, “এরকম ঘোষণা আপনারা সবাই বাংলাদেশের মানুষ, অনেক আগেও শুনেছেন। এ ধরনের ঘোষণা, টাইম এগুলা আসতে থাকবে, যেতে থাকবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই।

“আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং স্থানীয় জনগণকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরা ধরে পুলিশে সোপর্দ করেছে। কাজটা অব্যাহত রাখেন।”

তিনি বলেন, “এ ধরনের নাশকতা, ইনশাআল্লাহ কন্ট্রোল হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছু নাই।”

মিরপুরে শ্রমিক আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের শ্রমিক আন্দোলন যেটা হচ্ছিল কিছুদিন আগে, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া করেছে। আন্দোলন এ পর্যন্ত যৌক্তিক।

“কিন্তু এই আন্দোলনে পেছন থেকে বা আন্দোলনকে কাভার হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরকে কেন্দ্র করে সোশাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে। এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা অন্যান্য জায়গায় নাশকতা করছে, তাদের বেশ বড় অংশকে এবং সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকার পল্লবী ও রূপনগর এলাকার বহুল আলোচিত ‘ফোর স্টার গ্রুপের’ ৬ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে এদিন সংবাদ সম্মেলনে আসেন তিনি।

সোমবার পল্লবীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেখ ওসমান গনি সোহাগ (৩৫), রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমন মোল্লা (২৫) ও সৌরভ বেপারী (১৯)।

এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ১২টি রামদা, চাকু, ২টি সামুরাই, ৩০টি ইয়াবা পাওয়া যাওয়ার তথ্য দিয়েছে এসআরবি।

এ বিষয়ে হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

গ্রেপ্তার ওসমান গনির বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাঁচটি মামলা রয়েছে।

রনি ব্যাপারীর নামে পল্লবীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি, মাদকসহ ৪টি মামলা থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আর রনি ‘ফোর স্টার গ্রুপের’ সক্রিয় সদস্য ‘বোমা কাল্লুর’ ঘনিষ্ঠ সহযোগী এবং হাসিবের নামে একটি প্রতারণার মামলা রয়েছে।

গত দেড় মাসে এসআরবি এই ‘ফোর স্টার’ গ্রুপের ১৭ জনকে গ্রেপ্তার করেছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর বলেন, “এর ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এখন গ্রুপগুলো অলমোস্ট এলাকায় নাই। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”

এই গ্রুপের সদস্য সংখ্যা কত জানতে চাইলে তিনি বলেন, “এদের সদস্য সংখ্যাটা ভ্যারি করে, একজন এক গ্রুপে থাকে, সুবিধা বুঝে আবার আরেক গ্রুপে যোগদান করে। এদের গ্রেপ্তারের প্রক্রিয়াটা চলমান রয়েছে। তবে সবারই তালিকা রয়েছে আমাদের কাছে। এই অভিযানগুলো আমাদের ভবিষ্যতে অব্যাহত থাকবে।”

গ্রুপের প্রধানদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “গ্রুপ লিডারগুলো আমাদের জানামতে বেশ কিছুদিন আগে বিদেশে চলে গেছে। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি। এরা দেশে আসলে গ্রেপ্তার করা যাবে।”

আরেক জবাবে তিনি বলেন, “গোয়েন্দা তথ্য পর্যাপ্ত রয়েছে আমাদের কাছে, সব মিডিয়ায় প্রকাশ করা যাবে না। যখনই যাকে সুযোগ পাচ্ছি, সুনির্দিষ্ট অবস্থান পাচ্ছি, গ্রেপ্তার করছি।”