১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কপিরাইট লঙ্ঘনে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা: সংস্কৃতিমন্ত্রী

অনুমতি ছাড়া গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রেকর্ড করে প্রচারের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিতাই রায় চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:07 PM

Updated : 17 Nov 2026, 10:18 PM

গান, নাটক, সাহিত্য ও ডিজিটাল কনটেন্টের কপিরাইট লঙ্ঘন বন্ধে সরকার আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে নাজমুন নাহার জানতে চান, সংগীত, নাটক, সাহিত্য ও ডিজিটাল কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার বন্ধে বাংলাদেশ কপিরাইট অফিস কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, কপিরাইট লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ প্রায়ই মন্ত্রণালয়ে আসে। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এ প্রসঙ্গে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সাতটি ব্যান্ডের কনসার্টের উদাহরণ দেন তিনি।

মন্ত্রী বলেন, সাত ঘণ্টার ওই কনসার্টে প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হয়েছিল। তবে মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হলেও কেউ কেউ তা রেকর্ড করে প্রচার করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, “এসব ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চিন্তাভাবনা করছি। আমরা ব্যবস্থা করছি এবং কপিরাইটের ক্ষেত্রে যদি কোন দুর্নীতি থাকে অচিরেই আমরা খুব মানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেব।”

জুলাই স্মৃতি জাদুঘরে সব নিদর্শন প্রদর্শনের আশ্বাস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য সংগ্রহ করা সব নিদর্শন পর্যায়ক্রমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সানজিদা ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পাশাপাশি ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার’ ব্যক্তিদের স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল।

এসবের মধ্যে রক্তমাখা পোশাক, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ রয়েছে। কিন্তু সব নিদর্শন এখনও প্রদর্শিত হচ্ছে না। সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী জানান, জাদুঘরের উদ্বোধন হলেও সব কার্যক্রম শেষ হয়নি। পর্যায়ক্রমে সংগ্রহ করা নিদর্শনগুলো প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

কোন কোন নিদর্শন এখনও প্রদর্শিত হয়নি, তার লিখিত তালিকা দিতে সংসদ সদস্যকে অনুরোধ করেন তিনি।

তিন থেকে পাঁচ বছরে উপজেলায় সাংস্কৃতিক অবকাঠামো

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী।

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাদ্দ পাওয়ার পর ভালুকায় সাংস্কৃতিক অবকাঠামো নির্মাণ শুরু হবে। এর আগে উপজেলা পরিষদের মিলনায়তন বা উপযুক্ত স্থানে অস্থায়ীভাবে প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম চালানো হচ্ছে।

সম্পূরক প্রশ্নে ফখর উদ্দিন আহমেদ ভালুকার ইতিহাস, লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে জরিপ এবং আধুনিক পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনা জানতে চান।

জবাবে মন্ত্রী জানান, দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে পর্যায়ক্রমে জরিপ চলছে। ভালুকার ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

যাত্রাশিল্প, বাউলসংগীত, ভাটিয়ালি, মুর্শিদি ও লালনসংগীতসহ দেশের লোকসংস্কৃতি সংরক্ষণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।