ধামরাইয়ে বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
ঢাকার ধামরাই উপজেলায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল বলে জানান স্বজনেরা।
বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান।
মঙ্গলবার মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিল ৬৬ বছর। বিকালে তার লাশ গ্রামের বাড়ি ধামরাইয়ের রাজাপুরে আনা হয়।
সোহেল খান ওই গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গ্রামজুড়ে।
মৃত্যুকালে তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান ও চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
অভিনয়ের পাশাপাশি গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কাজেও যুক্ত ছিলেন সোহেল খান।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, “গ্রামের সামাজিক সব কাজের মধ্যেই সোহেল মামা যুক্ত ছিলেন। টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার বড় ভূমিকা ছিল।”
তার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, “মামা অভিনয়ের মাধ্যমে আঞ্চলিক ভাষা ও এলাকার সংস্কৃতি তুলে ধরতেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না। ধনী-গরিবের ভেদাভেদও করতেন না।”
সোহেল খানের ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিম বলেন, “সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় বকাঝকা করেছি, কখনো রাগ করেনি। উল্টো বলত, ‘মিয়া ভাই, আমার গালে একটা থাপ্পড় মারেন, তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।”
‘নসিব’ সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান বলেন, “সোহেল ভাই মাটির মানুষ ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী ও বড় ভাই ছিলেন। তার চলে যাওয়া পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”
মঞ্চ, নাটক ও চলচ্চিত্রে কয়েক দশক অভিনয় করেছেন সোহেল খান। ‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিকসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘শান’ ও ‘জংলি’। হাস্যরসাত্মক চরিত্রে বেশি পরিচিত হলেও খল চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
