২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়’: সোহেল খানকে নিয়ে সহকর্মীদের স্মৃতিচারণ

হোটেলের কক্ষ থেকে বের হতেই মাটিতে ঢলে পড়ে যান সোহেল খান।

‘অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়’: সোহেল খানকে নিয়ে সহকর্মীদের স্মৃতিচারণ

অভিনেতা সোহেল খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:33 PM

Updated : 24 Nov 2026, 05:33 PM

যে অঙ্গনকে ভালোবেসে কয়েক দশক ধরে কাজ করে যাচ্ছিলেন অভিনেতা সোহেল খান, সেই শুটিং সেটেই চিরবিদায় নিলেন তিনি।

‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় ছিলেন সোহেল, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। হোটেলের কক্ষ থেকে বের হতেই মাটিতে ঢলে পড়ে যান সোহেল খান। তারপর বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ মারা গেছেন সোহেল খান।

অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোকাতুর হয়ে পড়েছেন নির্মাতা থেকে শুরু করে তার সহশিল্পীরা। কেউ পুরোনো দিনের স্মৃতি হাতড়ে আবেগাপ্লুত হচ্ছেন, আবার কেউ ক্যামেরার সামনে দাঁড়ানোর আগমুহূর্তে এমন প্রস্থানকে একজন অভিনেতার সৌভাগ্য বলে মনে করছেন।

সোহেল খানকে নিয়ে সহকর্মীদের সেই শোক ও স্মৃতিচারণই এখন ভেসে বেড়াচ্ছে ফেইসবুকে।

'নসিব' সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল গ্লিটজকে বলেন, "সকালবেলা উঠে নাস্তা করে সবার সঙ্গে কুশলাদি বিনিময়, হাসি-ঠাট্টা করে পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়েছিলেন। রেডি হয়ে বের হয়ে রুমের সামনে পড়ে যান।

“হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।”

তার এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করে ফেইসবুকে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, "সোহেল ভাই,পরলোকে শান্তিতে থাকুন, আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।"

অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, "আহা কি দারুণ! ক‍্যামেরার সামনে দাড়ানোর জন‍্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ‍্যের বিষয়।"

আবেগঘন স্মৃতিচারণ করে আরেক অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, "এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলত, সতীর্থকে দেখলেই বলত ভাই আপনিতো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোন কালেই পান খেতো না, কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল।"

স্মৃতিচারণ করতে গিয়ে ছন্দা আরও লিখেছেন, "আজ সকাল থেকে ফেইসবুকে এই মানুষটির ছবিই দেখছি, অথচ আজ আর কোনো কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয়শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই, যেন কাজটা করতে করতেই বিদায় নেই পৃথিবী থেকে।"

নির্মাতা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একদিন আগেই সোহেল খানকে নিয়ে তার নির্মিত নাটক ৪২০ এর একটি ফটোকার্ড পোস্ট করেছিলেন।

একদিন পরেই মৃত্যুর খবর পেয়ে ফারুকী লিখেছেন, "জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়ল কেন? সোহেল খান কী কোনো ভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’? শান্তিতে ঘুমান।"

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, "অভিনেতা সোহেল খান ভাই আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।"

'নসিব' সিনেমার নির্মাতা ইকবাল জানিয়েছেন, সাভারের ধামরাইয়ে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে সোহেল খানকে।

সোহেল খান কয়েক দশক ধরে নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। দেশের একটা প্রজন্মের দর্শকের কাছে তার বেশ জনপ্রিয়তা। সোহেল খানের কাজ শুরু মোস্তফা সরয়ার ফারুকীর মাধ্যমে। ফারুকীর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে প্রথম পর্দায় আসেন তিনি।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বিভিন্ন একক নাটকে সোহেল খান অভিনয় করেছেন। ‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিক দিয়েও দীর্ঘ সময় পর্দায় থাকেন তিনি।

সোহেল খান নাটকের পাশাপাশি দারুচিনি দ্বীপ (২০০৭), প্রজাপতি (২০১১), দেশ: দ্য লিডার (২০১৪), পরবাসিনী (২০১৭), প্রিয় কমলা (২০২১), কেমনে কি! (২০২১), শান (২০২২) এবং জংলি (২০২৫) সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তাকে দর্শক বেশিরভাগ সময়ে হাস্যরসাত্মক চরিত্রেই বেশি পেয়েছে। অভিনয় করেছেন খল চরিত্রেও।

পুরনো খবর:

অভিনেতা সোহেল খান আর নেই