২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বেতার ও বিটিভিসহ ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় উপকমিটি হবে

বাংলাদেশ বেতার আরও জনপ্রিয় করতে ও গ্রহণযোগ্যতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:36 PM

Updated : 25 Nov 2026, 10:36 PM

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫টি প্রতিষ্ঠান শক্তিশালী ও জনমুখী করতে উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিসিএস তথ্য ক্যাডার একীভূত করার বিষয়টিও উপকমিটি দেখবে। একীভূত করার আলোচনায় সীমিত জনবল দিয়ে বেশি কাজ করা এবং সরকারের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।”

বাংলাদেশ বেতার আরও জনপ্রিয় করতে ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি। আলোচনায় স্বাধীনতার ঘোষণায় জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস বেতার ও বিটিভিতে গুরুত্ব দিয়ে তুলে ধরার কথা ওঠে।

আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিটিভি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) ও বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশও করা হয় বৈঠকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় পদোন্নতি থেকে বঞ্চিত ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পরের বৈঠকে একটি কমিটি গঠনের পক্ষে মত দেওয়া হয়। পদোন্নতি আটকে দেওয়া ও চাকরিচ্যুতির ঘটনায় যারা নির্দেশ দিয়েছিলেন এবং যারা অতিউৎসাহী ভূমিকা রেখেছিলেন, তাদের তালিকা তৈরি ও প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়।”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার বৈঠকে অংশ নেন।