২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু উইলিয়ামসনের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা নিউ জিল্যান্ডের ব্যাটিং গ্রেটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়।

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু উইলিয়ামসনের

কেন উইলিয়ামসন। ছবি: ডারবানস সুপার জায়ান্টস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:21 PM

Updated : 25 Nov 2026, 10:21 PM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাঁচ মাস পর ভিন্ন ভূমিকায় ফিরছেন কেন উইলিয়ামসন। ডারবানস সুপার জায়ান্টসের শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএ টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিটি।

গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান উইলিয়ামসন। ৩৬ বছর বয়সি কিউই গ্রেটকে কোচ হিসেবে নিযুক্ত করার কথা বুধবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের দলটি।

এই প্রথম কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন উইলিয়ামসন। ডারবানসে ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন তিনি। কাজ করবেন ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে।

ডারবানস সুপার জায়ান্টসের ড্রেসিংরুম উইলিয়ামসনের বেশ পরিচিত। গত দুই মৌসুমে দলটির হয়ে খেলেছেন তিনি। ১৫ ম্যাচে করেছেন ৩৪৩ রান। এবার পুরনো ঠিকানায় নতুন পরিচয়ে ফিরছেন তিনি।

নিউ জিল্যান্ডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে উইলিয়ামসনের। তার অধিনায়কত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দলটি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও তার নেতৃত্বে খেলেছিল নিউ জিল্যান্ড। সেই আসরে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন তিনি।

কোচিংয়ে এখন পর্যন্ত উইলিয়ামসনের কাজের অভিজ্ঞতা মূলত ডারবানস সুপার জায়ান্টসের মালিক আরপি-সাঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের বিভিন্ন দলের সহায়ক ভূমিকায়। গত আইপিএলের আগে স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন তিনি। এছাড়া দা হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন।

ডারবানসে উইলিয়ামসনের প্রথম কাজ হবে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে দলকে ঘুরে দাঁড় করানো। ২০২৪ সালে এসএ টোয়েন্টির ফাইনালে উঠেছিল ডারবানস সুপার জায়ান্টস। তবে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের। চার মৌসুমে সেটিই দলটির সেরা সাফল্য। গত আসরে প্লে-অফে খেলতে পারেনি তারা। মাত্র তিনটি ম্যাচ জিতে পঞ্চম স্থানে থেকে শেষ করে মৌসুম।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে উইলিয়ামসনের কোচিং অধ্যায়। পঞ্চম আসরের প্রথম ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের মুখোমুখি হবে ডারবানস সুপার জায়ান্টস।