রেকর্ড ২০ বছরের পথচলার ইতি টানছেন কোচ শ্মিট
চলতি মৌসুম শেষে হাইডেনহাইম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রাঙ্ক শ্মিট।
জার্মানির পেশাদার ফুটবলের ইতিহাসে একটি ক্লাবে সবচেয়ে বেশি সময় কোচের দায়িত্ব পালন করা ফ্রাঙ্ক শ্মিট চলতি মৌসুম শেষে হাইডেনহাইম ছাড়ছেন। ক্লাবটির সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জার্মানির দ্বিতীয় স্তরের দল হাইডেনহাইম বুধবার বিষয়টি জানিয়েছে।
২০০৭ সালের সেপ্টেম্বরে হাইডেনহাইমের দায়িত্ব নেন শ্মিট। তখন জার্মান ফুটবলের চতুর্থ স্তরে ছিল দলটি। ২০২৩ সালে একটি ক্লাবের কোচ হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার রেকর্ডটি গড়েন তিনি।
এর আগে রেকর্ডটি ছিল ফোল্কার ফিঙ্কের। ফ্রাইবুর্কের কোচ হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।
চুক্তির মেয়াদ বাড়িয়ে শ্মিটকে ধরে রাখতে চেয়েছিল হাইডেনহাইম। তবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর এবার বিরতি নিতে চান এই কোচ।
“আমার সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াতে ক্লাবটি যে পরিমাণ চেষ্টা করেছে, তা সত্যিই মুগ্ধ করার মতো। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার মনে হয়েছে, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। হাইডেনহাইমের প্রধান কোচ হিসেবে প্রায় ২০ বছর কাটানোর পর এই গ্রীষ্মে আমি কিছুটা বিরতি নিতে চাই।
“একটি বিষয় নিশ্চিত, এত বছর ধরে হাইডেনহাইমে আমরা সবাই মিলে জার্মানির পেশাদার ফুটবলে এক অনন্য গল্প লিখেছি। তবে সেই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা বাকি।”
শ্মিটের কোচিংয়ে ২০২৩ সালে বুন্ডেসলিগায় উঠে আসে হাইডেনহাইম। এর এক বছর পর ইউরোপা কনফারেন্স লিগেও খেলে দলটি।
গত মৌসুমে বুন্ডেসলিগা থেকে অবনমন হয় হাইডেনহাইমের। বর্তমানে জার্মানির দ্বিতীয় স্তরের প্রতিযোগিতার পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে তারা।
