১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আলো একদিনে যে পথ পাড়ি দেয়, সেই দূরত্ব ছুঁতে যাচ্ছে ভয়েজার ১

২৪ ঘণ্টায় আলো যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব পার হওয়াকে এক ‘আলোক-দিবস’ বলে, যা ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার। এ দূরত্ব পেরনোর রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১।

আলো একদিনে যে পথ পাড়ি দেয়, সেই দূরত্ব ছুঁতে যাচ্ছে ভয়েজার ১

মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু হিসেবে এই অনন্য কৃতিত্ব পাবে রোবোটিক মহাকাশযানটি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:09 AM

Updated : 16 Nov 2026, 10:09 AM

১৯৭৭ সালে উৎক্ষেপণের পর প্রায় অর্ধশতাব্দী ধরে মহাকাশের গভীরে ছুটে চলা নাসার ভয়েজার ১ এবার অনন্য এক মাইলফলকের দ্বারপ্রান্তে রয়েছে।

মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযানটি পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব পেরোনোর মাইলফলক ছুঁতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এক ‘আলোক-দিবস’ মানে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব পার হওয়া। এক ‘আলোক-দিবস’ হচ্ছে ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলেছে, মহাকাশের প্রায় শূন্যস্থানের মধ্য দিয়ে ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটে চলা ভয়েজার ১ বুধবার ইস্টার্ন টাইম ভোর ৫টা ১৬ মিনিটে (এদিন বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিট) পৃথিবী থেকে ওই দূরত্বে পৌঁছাবে।

মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু হিসেবে এই অনন্য কৃতিত্ব পাবে রোবোটিক মহাকাশযানটি।

১৯৭৩ সাল থেকে ভয়েজার কর্মসূচির বিজ্ঞানী হিসেবে যুক্ত থাকা ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা ক্যালটেকের ‘স্পেস রেডিয়েশন ল্যাবরেটরি’র জ্যেষ্ঠ গবেষণা বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিদ অ্যালান কামিংস বলেছেন, “আমি এটাকে প্রকৌশলগত মাইলফলক হিসেবে দেখছি, যা ভয়েজার ১-এর বিস্ময়কর দীর্ঘায়ুর প্রমাণ দেবে।

“এত দূর থেকেও ভয়েজার ১-এর সঙ্গে যোগাযোগ রাখতে পারাটাও বড় প্রকৌশলগত সাফল্য।"

বড় মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক হিসেবে আলোকবর্ষ অনেকের কাছেই বেশি পরিচিত ধারণা। ফোটন নামে আলোর কণা এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা-ই এক আলোকবর্ষ, যা প্রায় ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার।

যেমন, আমাদের সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের তারাগুলো হল ‘আলফা সেন্টাউরি’ সিস্টেমের তিনটি তারা, যেগুলো পৃথিবী থেকে প্রায় ৪.২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত।

যমজ মহাকাশযান

৪৯ বছর আগে ভয়েজার ১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার ২ উৎক্ষেপিত হয়েছিল। মহাকাশের গভীরে যাত্রা অব্যাহত রাখার আগে এগুলো সৌরজগতের বাইরের দিকের গ্রহগুলো পর্যবেক্ষণ করেছিল।

ভয়েজার ২ উৎক্ষেপণের ১৬ দিন পর ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ‘টাইটান থ্রিই-সেন্টর’ রকেটে করে ভয়েজার ১-কে মহাকাশে পাঠানো হয়। তবে কয়েক মাসের মধ্যেই এটা এর যমজ যানটিকে ছাড়িয়ে যায়।

কামিংস বলেন, “ভয়েজার ১ বৃহস্পতি ও শনি গ্রহ এবং এদের উপগ্রহগুলো সম্পর্কে বিপুল পরিমাণ নতুন তথ্য পাঠিয়েছিল।”

Image

২০৩৫ সালের নভেম্বরে পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোর পথে রয়েছে ভয়েজার ২। ছবি: রয়টার্স

বৃহস্পতির আশপাশে একটি পাতলা বলয় ও আগে অজানা থাকা বৃহস্পতির দুটি উপগ্রহ ‘থিবি’ ও ‘মেটিস’ আবিষ্কার করেছিণ ভয়েজার ১। এরপর এটা শনির আশপাশে পাঁচটি নতুন উপগ্রহের পাশাপাশি ‘জি-রিং’ নামের এক বলয়েরও সন্ধান পায়।

কামিংস বলেছেন, “১৯৭৭ সালে উৎক্ষেপণের পর ইউরেনাস ও নেপচুন গ্রহ পরিদর্শনের জন্য ভয়েজার ২ সৌরজগতের মধ্য দিয়ে ভিন্ন এক পথ ধরে এগিয়েছিল।

“এদিকে, ভয়েজার ২ আরও নয় বছর পর ২০৩৫ সালের নভেম্বরে পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোর পথে রয়েছে।”

ভয়েজার ১ সূর্যের তৈরি কণা ও চৌম্বক ক্ষেত্রের হেলিওস্ফিয়ারের বাইরের সীমানা পেরিয়ে ২০১২ সালে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখে।

মহাজাগতিক রশ্মি বিশেষজ্ঞ কামিংস বলেছেন, “এটাই প্রথম মহাকাশযান, যা নিম্ন শক্তিস্তরে গ্যালাকটিক কসমিক রশ্মি বা দ্রুতগতির শক্তিশালী কণা শক্তির বর্ণালী সম্পর্কে তথ্য দিয়েছে।

“সৌরবায়ুর বাধার কারণে হেলিওস্ফিয়ারের ভেতর থেকে এই শক্তিশালী কণাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব নয়। নিম্ন-শক্তির মহাজাগতিক রশ্মি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এটা ছিল পরম আরাধ্য এক অর্জন।”

ভয়েজার ২ আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ২০১৮ সালে।

‘আমার কর্মজীবনের মেরুদণ্ড’

ক্যালটেকে কামিংসের ডক্টরাল থিসিসের ভিত্তি ছিল মহাজাগতিক রশ্মি সংক্রান্ত এক বেলুন পরীক্ষা, যেটা পরিকল্পনামাফিক উত্তর কানাডায় অবতরণ করতে ব্যর্থ হওয়ার পর অনেকটা আকস্মিকভাবেই তিনি ভয়েজার বিজ্ঞানী দলের অংশ হয়ে ওঠেন।

কামিংস বলেছেন, “বেলুনটি পৃথিবী দেড়বার প্রদক্ষিণ করেছিল এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের হাতে ধরা পড়ে। দৃশ্যত প্যারাসুটের সহায়তা ছাড়াই এটা অবতরণ করে কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল।

“তখন সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষাটি শেষ হয়ে গেছে। আর ১৯৭৩ সালে ভয়েজার কসমিক রে সাবসিস্টেম যন্ত্র তৈরির কাজ শুরু হওয়ার পরই আমাকে এতে কাজের প্রস্তাব দেওয়া হয়।

Image

তিনি ২৯ বছর বয়সে ভয়েজার দলে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে তার বয়স ৮২ বছর। ছবি: নাসা

“বেলুনটি হারানো আমার জন্য সৌভাগ্যের ছিল, কারণ ভয়েজার মিশনই আমার কর্মজীবনের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আমি ৫৩ বছর ধরে এটা নিয়ে কাজ করছি এবং এর তথ্য বিশ্লেষণ করছি।”

তিনি ২৯ বছর বয়সে ভয়েজার দলে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে তার বয়স ৮২ বছর।

ভয়েজার দুটি মহাকাশযানেই একটি করে ‘গোল্ডেন রেকর্ড’ বহন করা হচ্ছে, যা মহাকাশযানগুলোর সংস্পর্শে আসতে পারে এমন যে কোনো বুদ্ধিমান ভিনগ্রহী প্রাণীর কাছে পৃথিবীর গল্প পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি।

১২ ইঞ্চি ব্যাসের সোনার প্রলেপ দেওয়া তামার তৈরি এই ফোনোগ্রাফ রেকর্ডে পৃথিবীর সংস্কৃতি তুলে ধরার জন্য বিভিন্ন ছবি ও শব্দ সংরক্ষিত আছে।

এতে সংগীতশিল্পী চাক বেরির ‘জনি বি. গুড’, বিটোফেনের ফিফথ সিম্ফনি এবং অস্ট্রেলিয়ার আদিবাসী গানের পাশাপাশি ৫৫টি ভাষায় মৌখিক শুভেচ্ছা ও পৃথিবীর অবস্থান শনাক্ত করার নির্দেশনা রয়েছে।

পরবর্তী সময়ে কিছু বিশেষজ্ঞ পৃথিবীর ঠিকানা বা দিকনির্দেশনা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের শঙ্কা, কোনো লোভী বা শত্রুভাবাপন্ন ভিনগ্রহী প্রাণী যদি এই গোল্ডেন রেকর্ড খুঁজে পায় তবে বিপদ হতে পারে।

এ প্রসঙ্গে কামিংস বলেছেন, “বছরের পর বছর ধরে আমি এ উদ্বেগের কথা কিছুটা শুনেছি। তবে আমি কখনোই এ নিয়ে চিন্তিত হইনি। ভিনগ্রহীরা এটা খুঁজে পাবে এমন সম্ভাবনা কম।”