২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ঘন অরণ্যে আদি এই মানব টিকে ছিল দাপটের সঙ্গেই

হোমো স্যাপিয়েন্স প্রজাতির আগে অন্য কোনো মানব প্রজাতি চিরহরিৎ অরণ্যে বসবাস করত এমন তথ্য গবেষকদের আগে জানা ছিল না।

চীনের ঘন অরণ্যে আদি এই মানব টিকে ছিল দাপটের সঙ্গেই

এখন পর্যন্ত পাওয়া হোমো ইরেক্টাসের সবচেয়ে সাম্প্রতিক জীবাশ্মটির সন্ধান মিলেছিল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 05:04 PM

Updated : 20 Nov 2026, 05:04 PM

মানব বিবর্তনের ইতিহাসে হোমো ইরেক্টাস গুরুত্বপূর্ণ এক প্রজাতি। এরাই ছিল আধুনিক মানুষের মতো শারীরিক গঠনের অধিকারী প্রথম প্রজাতি, যারা প্রথম আফ্রিকার বাইরে পা রেখেছিল ও প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।

এই গুরুত্বপূর্ণ পূর্বপুরুষ সম্পর্কে এবার চীনের দুটি গুহা থেকে উদ্ধার হওয়া জীবাশ্মের আটটি দাঁত নতুন তথ্য দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

দক্ষিণ চীনের গুয়াংশি প্রদেশের প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত ‘বাক্সিয়ান’ ও ‘নাক্সিয়ান’ গুহায় দাঁতগুলো মিলেছে।

এই আবিষ্কার থেকে প্রথমবারের মতো জানা গেল, হোমো ইরেক্টাস প্রজাতিটি চিরহরিৎ অরণ্যের পরিবেশেও বসবাস করত এবং ইউরেশিয়ার মূল ভূখণ্ডে তারা আগের ধারণার চেয়েও দীর্ঘতর সময় ধরে টিকে ছিল।

পরীক্ষা করে দেখা গেছে, দাঁতগুলো ৩ লাখ ২৪ হাজার থেকে ১ লাখ ৮৪ হাজার বছরের পুরনো।

Image

দক্ষিণ চীনের গুয়াংশি প্রদেশের প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত ‘বাক্সিয়ান’ ও ‘নাক্সিয়ান’ গুহায় দাঁতগুলো মিলেছে। ছবি: রয়টার্স

প্রায় ২০ থেকে ১৯ লাখ বছর আগে আফ্রিকায় হোমো ইরেক্টাসের উদ্ভব হয়েছিল ও পরবর্তীতে তারা ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত পাওয়া হোমো ইরেক্টাসের সবচেয়ে সাম্প্রতিক জীবাশ্মটির সন্ধান মিলেছিল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে, যার বয়স প্রায় ১ লাখ ১০ হাজার বছর।

তবে চীনের অন্যান্য অঞ্চলে পাওয়া জীবাশ্মের ওপর ভিত্তি করে এতদিন ধারণা করা হত, প্রায় ৪ লাখ বছর আগেই ইউরেশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে।

আকার ও আকৃতি বিশ্লেষণ করে আটটি দাঁতকেই হোমো ইরেক্টাসের বলে শনাক্ত করা হয়েছে; যার মধ্যে কয়েকটি দাঁতের পরিচয় প্রাচীন প্রোটিন বিশ্লেষণের মাধ্যমেও নিশ্চিত করেছেন গবেষকরা।

দাঁতের রাসায়নিক বিশ্লেষণ থেকে তৎকালীন মানুষের খাদ্যাভ্যাস ও আবাসস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব।

এসব দাঁতে গবেষকরা এমন প্রমাণ পেয়েছেন, ওই হোমো ইরেক্টাস সদস্যরা চিরহরিৎ পরিবেশে খাবার ও পানি খেত।

হোমো স্যাপিয়েন্স প্রজাতির আগে অন্য কোনো মানব প্রজাতি চিরহরিৎ অরণ্যে বসবাস করত এমন তথ্য আগে জানা ছিল না। তবে তারা ঠিক কী ধরনের খাবার খেত তা নির্দিষ্টভাবে জানা যায়নি।

দাঁতগুলো নিয়ে হওয়া দুটি গবেষণার একটির নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার ‘ম্যাককোয়্যারি ইউনিভার্সিটি অফ সিডনি’র ভূ-কালনির্ধারণবিদ কিরা ওয়েস্টওয়ে।

বুধবার গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।

গবেষণার বিষয়ে ওয়েস্টওয়ে বলেছেন, “আমরা এমন এক প্রতিকূল পরিবেশে হোমো ইরেক্টাসের টিকে থাকার প্রমাণ পেয়েছি, যা এই প্রজাতির সঙ্গে মানানসই বলে ভাবা হত না।”

দাঁতে থাকা ‘স্ট্রনটিয়াম’ নামের মৌলের উপস্থিতির ওপর ভিত্তি করে পাওয়া ফলাফলে ইঙ্গিত মিলেছে, হোমো ইরেক্টাসের এ জনগোষ্ঠীটি সম্ভবত বড় এলাকা জুড়ে বিচরণ করত।

ওয়েস্টওয়ে বলেছেন, “বাক্সিয়ান গুহা থেকে পরীক্ষা করা দাঁতগুলোর স্ট্রনটিয়ামের মাত্রার সঙ্গে ওই গুহার আশপাশের এলাকার স্ট্রনটিয়ামের মাত্রার মিল পাওয়া যায়নি।

“ওই অঞ্চলের পুনর্গঠিত স্ট্রনটিয়াম মানচিত্র অনুসারে, এর সবচেয়ে ভালো মিল পাওয়া যায় আরও দূরের এলাকায়, যেমন উত্তর ভিয়েতনামে।

“আমরা এমন এক দীর্ঘস্থায়ী হোমো ইরেক্টাস জনগোষ্ঠীর সন্ধান পেয়েছি, যাদের মধ্যে নমনীয়তা, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোর লক্ষণ রয়েছে। এসব দক্ষতা আমরা প্রাচীন মানুষের বদলে আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সদের সঙ্গেই মিলিয়ে দেখি।”

আরও গভীর উপলব্ধি

এসব দাঁত থেকে হোমো ইরেক্টাস সম্পর্কে আরও গভীর তথ্য জানা যাচ্ছে।

দাঁতগুলো নিয়ে হওয়া দুটি গবেষণার আরেকটির নেতৃত্ব দিয়েছেন ‘ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন’-এর আণবিক নৃবিজ্ঞানী ফ্রিডো ওয়েলকার।

তিনি বলেছেন, “হোমো ইরেক্টাসের সঙ্গে আরও উন্নত পাথরের হাতিয়ার তৈরির সূচনা, আমাদের মতো চলাফেরার ধরন ও আগুনের ব্যবহার শুরুর মতো বিষয় যুক্ত।”

৭ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার বছর আগের সময়কাল বা ‘মিডল প্লাইস্টোসিন’ যুগের কথা উল্লেখ করে ওয়েলকার বলেছেন, “ধারণা করা হয়, হোমো ইরেক্টাসের আফ্রিকান জনগোষ্ঠী থেকেই এক পর্যায়ে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল।”

জীবাশ্মের প্রমাণ অনুসারে, প্রায় ৩ লাখ বছর আগে আফ্রিকায় হোমো স্যাপিয়েন্সের প্রথম আবির্ভাব ঘটে ও এরপর তারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

গবেষকরা আরেকটি প্রাচীন মানব প্রজাতির নবম একটি দাঁতও খুঁজে পেয়েছেন। ওয়েলকার বলেছেন, দাঁতটি ‘ডেনিসোভানদের হতে পারে, আবার অজানা কোনো প্রজাতিরও হতে পারে’।

ডেনিসোভান হচ্ছে বিলুপ্ত এক প্রাচীন মানবগোষ্ঠী, যাদের অস্তিত্বের প্রমাণ পূর্ব এশিয়া, লাওস ও রাশিয়ার আলতাই পর্বতমালার কয়েকটি স্থানে পাওয়া গেছে।

ওয়েস্টওয়ে বলেছেন, “হোমো ইরেক্টাস অসাধারণ প্রজাতি। আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ পর্যন্ত ছড়িয়ে পড়ার পথে তারা তৃণভূমি বা সাভানা ও খোলা বনাঞ্চলে প্রায় ২০ লাখ বছর টিকে ছিল; যা আমাদের প্রজাতি হোমো স্যাপিয়েন্সের চেয়ে ছয় গুণ দীর্ঘ সময়।

“এতসব বিস্ময়কর অর্জনের পরও আমরা প্রজাতিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসফল বলে মনে করি এবং প্রচলিত ধারণা অনুসারে জাভায় তাদের বিলুপ্তির কারণ হিসেবে সাধারণত ঘন অরণ্যের বিস্তারকে দায়ী করা হয়।”

চীনের বিভিন্ন গুহা থেকে পাওয়া দাঁত ও জাভার জীবাশ্মগুলোর সময়কাল থেকে ইঙ্গিত মেলে, হোমো ইরেক্টাসের ওইসমব জনগোষ্ঠীর সঙ্গে হোমো স্যাপিয়েন্সের কখনো দেখা হয়নি।

জীবাশ্মের তথ্য অনুসারে, হোমো ইরেক্টাস বিলুপ্ত হয়ে যাওয়ার পরই আধুনিক মানুষ ওইসব অঞ্চলে পৌঁছেছিল। তবে দাঁতগুলোর বয়স থেকে হোমো ইরেক্টাসের আরেকটি সম্ভাবনার কথা বলেছেন ওয়েস্টওয়ে।

ইতিহাসে পরিচিত সবচেয়ে বড় বনমানুষ বা এপ ‘জায়ান্টোপিথেকাস’ প্রায় একই সময়ে ও একই এলাকায় বসবাস করত। দাঁড়ালে জায়ান্টোপিথেকাসের উচ্চতা প্রায় ১০ ফুট ও ওজন সম্ভবত ৩০০ কেজি পর্যন্ত হত।

ওয়েস্টওয়ে বলেছেন, “এর মানে এই নয় যে তাদের সত্যিই দেখা হয়েছিল, বরং বলা চলে দেখা হওয়ার সম্ভাবনা এখন একটু বেড়েছে।”