ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি, ভোগান্তি
“বৃষ্টিতে ধানের মাথা বৃষ্টির পানিতে ভিজে ভারী হয়ে সব ধান নুয়ে পড়েছে। এইভাবে ভারী বৃষ্টি হলে ভালো ফলন আশা করতে পারতেছি না।”
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় দুই দিন ধরে টানা বৃষ্টি। অসময়ের এই বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি শুক্রবারও থেমে থেমে ও কখনো মাঝারি আকারে ঝরছে।
তবে বরগুনায় কোনো আবহাওয়া অফিস না থাকায় বৃষ্টির পরিমাণ জানা যায়নি।
এদিকে বৈরী এ আবহাওয়ার কারণে শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। বাজারগুলোতে ক্রেতা নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
স্টেডিয়াম এলাকার রিকশাচালক মন্নান মিয়া বলেন, “দুই দিন ধরে বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন কম। ভিজে ভিজে রিকশা চালানোও যায় না আর কিছটা শীতও পরছে, তাই আয়-রোজগার কম।"
বরগুনা শহরের মাছ ব্যবসায়ী কাউসার শরীফ বলেন, “বৃষ্টির কারণে বাজারে লোকজন কম, তাই বেচাকেনা বেশি একটা ভালো না।”
সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কৃষক মিরাজ খান বলেন, “প্রায় এক একর জমিতে আমনের চাষ করেছি। এখন ধান এসেছে এই বৃষ্টিতে ধানের মাথা বৃষ্টির পানিতে ভিজে ভারী হয়ে সব ধান নুয়ে পড়েছে। এইভাবে ভারী বৃষ্টি হলে ভালো ফলন আশা করতে পারতেছি না।”
এদিকে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার ট্রলার নিরাপদে উপকূলে ফিরে এসেছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
